মেসি না খেললেও জয় আটকাল না স্কালোনির আর্জেন্টিনার
গত মাসে মেসিহীন আর্জেন্টিনাকে হারতে হয়েছিল ইকুয়েডরের কাছে।
Truth Of Bengal: লিওনেল মেসিকে ছাড়াই মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবুও জয় আটকাল না স্কালোনির দলের। গত মাসে মেসিহীন আর্জেন্টিনাকে হারতে হয়েছিল ইকুয়েডরের কাছে। কিন্তু এই ম্যাচে নীল-সাদা জার্সিধারীরা ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিল। শনিবার এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো।
সম্প্রতি দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা। তারপর এটাই তাদের প্রথম প্রীতি ম্যাচ। কাজেই প্রীতি ম্যাচ হলেও নিজের দলের ভুলভ্রান্তিগুলি আগামী বিশ্বকাপের আগে শুধরে নিতে বদ্ধ পরিকর ছিল আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। সে কারণেই বেশ কিছু পরীক্ষা-নীরিক্ষার পথে হেঁটেছিলেন স্কালোনি।
ম্যাচের ফলাফলে আর্জেন্টিনা জিতলেও, ম্যাচের ফলটা অন্যরকম হতেই পারত। যদি না ভেনেজুয়েলার উইঙ্গার মেন্দোজা ম্যাচের ৩০ মিনিট নাগাগ ওইরকম সহজ গোলের সুযোগ নিজে হাতছাড়া না করতেন। ফাঁকা গোলে তিনি যেভাবে গোল করতে পারলেন না, তা দেখে হতবাক হয়েছেন গ্যালারিতে উপস্থিত সকলেই। তবে পরের মিনিটে নিজেদের কাঙ্খিত গোলটি তুলে নেয় আর্জেন্টিনা। ভেনেজুয়েলার সীমানায় প্রবেশ করে মার্তিনেজের কাছ থেকে বল পেয়ে দলের হয়ে গোল করতে ভুল করলেন না সেলসো।
ম্যাচ জিতলেও স্কালোনিকে চিন্তায় রাখবে অবশ্যই আর্জেন্টিনার খেলোয়াড়দের গোল মিসের বহর। ১১টা শট নিয়ে মাত্র একটিতে লক্ষ্যভেদ। ম্যাচের সময় হয়ত এটাই নিজের নোটবুকে তুলে নেবেন স্কালোনি। অপর দিকে গোল খেয়েও বেশ কয়েকবার আর্জেন্টিনার বক্সে হানা দিয়েছিল ভেনেজুয়েলা। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি।
আর্জেন্টিনা এরপর তাদের পরবর্তী প্রীতি ম্যাচ খেলবে আগামী ১৪ অক্টোবর। সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। সূত্রের খবর, ওই ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানাতুয়োনো।






