রাজ্যের খবর

কলকাতার বিদ্যুৎস্পৃষ্ট কাণ্ড: মৃতদের পরিবার পিছু একজনকে চাকরি দেওয়ার ঘোষণা

মুখ্যমন্ত্রী বলেন, "ওনাদের পরিবারকে ডাকা হবে শেক্সপিয়ার সরণি চত্বরের কোনও এক মন্ডপে ১৭ তারিখ এবং আর্থিক সাহায্য ও নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।"

Truth Of Bengal: বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী সেই ঘোষণা? কলকাতায় বৃষ্টির ফলে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে আগামী ১৭ অক্টোবর পরিবারের এক সদস্যকে নিয়োগ পত্র দেওয়া হবে। এর সঙ্গে পরিবারগুলিকে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা দুর্ঘটনা ঘটেছিল কলকাতায়। মোট ১২ জনের মৃত্যু হয়েছিল জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।” এরপর সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ওনাদের পরিবারকে ডাকা হবে শেক্সপিয়ার সরণি চত্বরের কোনও এক মন্ডপে ১৭ তারিখ এবং আর্থিক সাহায্য ও নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।” অর্থাৎ তিনি আবারও বুঝিয়ে দিলেন যে দুর্দিনে সরকার মানুষের পাশে আছে।

প্রসঙ্গত, পুজোর আগে ভয়াবহ বৃষ্টির সাক্ষী হয় গোটা কলকাতা। শহরের একাধিক জায়গায় জলমগ্ন ছিল। জমা জলের জেরে বড়সড় বিপদ হয়। ১২ জন মারা যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। ঘটনা জনসম্মুখে আসতেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিইএসসির প্রতি ক্ষোভ উগরে দেন তিনি এবং তাদেরকে এর জন্য দায়ী করেন।

এবার মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। রাজনৈতিক মহলের মতে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ওয়াকিবহাল বহাল এটাও মনে করছে যে তিনি এই ঘোষণার মাধ্যমে কড়া জবাব দিয়েছেন বিজেপি সহ অন্যান্য বিরোধীদের।

Related Articles