দেশ

স্বামী চৈতন্যানন্দ সরস্বতী কাণ্ডে পুলিশের হাতে একাধিক বিস্ফোরক তথ্য, স্তম্ভিত তদন্তকারীরা

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে এমন একাধিক অশালীন 'হোয়াটসঅ্যাপ চ্যাট' উদ্ধার হয়েছে।

Truth Of Bengal: যত তদন্ত পর্ব এগোচ্ছে, তত জনসম্মুখে আসছে দিল্লির ধৃত স্বঘোষিত ধর্মগুরু, তথা অভিযুক্ত বাবা, স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর। সমাজমাধ্যমে সুন্দরী মহিলাদের ছবিতে বিভিন্ন ধরনের মন্তব্য করার পাশাপাশি চ্যাট করতেন ‘ডবল মিনিং’এ। পুলিশের হাতে লেগেছে এমন অজস্র ‘হোয়াটসঅ্যাপ চ্যাট’, যা দেখে রীতিমত চক্ষু চরকগাছ তদন্তকারীদের। এক কথায় বলতে গেলে, তাঁরা একেবারে স্তম্ভিত ধৃত বাবার কীর্তি দেখে।

সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে চৈতন্যানন্দ সরস্বতীর মেয়েদের সঙ্গে কথা বলার একাধিক স্ক্রিনশট, যেখানে দেখা গিয়েছে তিনি কীভাবে ফ্লার্ট করতেন। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে এমন একাধিক অশালীন ‘হোয়াটসঅ্যাপ চ্যাট’ উদ্ধার হয়েছে। বসন্ত কুঞ্জে ম্যানেজমেন্ট কলেজের ছাত্রীরা জানিয়েছিলেন যে চৈতন্যানন্দের কথায় কু-ইঙ্গিত থাকতো। সেই মাফিক তদন্তকারীরা তাঁর ডিজিটাল ডিভাইসগুলি ঘেঁটে দেখেন এবং তাঁদের হাতে লাগে কথোপকথনের বেশ কয়েকটি তথ্য। এই মুহূর্তে সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, দিন দুয়েক আগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ধৃত চৈতন্যানন্দের তিন মহিলা সহযোগী এবং তাঁদের জেরা করে জানা গিয়েছে যে তাঁরাই ছাত্রীদের চাপ দিতেন এবং ভয় দেখাতেন যাতে তাঁরা বাধ্য হন বাবার প্রস্তাব মানতে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ছাত্রীদের বাধ্য করাতেন বাবার সঙ্গে সমস্ত কথাবার্তা জোর করে মুছে দিতে এবং লোপাট করতেন প্রমাণ। পুলিশ সূত্রে মারফত জানা গিয়েছে যে বাবার নিশানায় থাকতেন অল্পবয়সী মেয়েরা। তাঁর ফোন থেকে যেই ছবিগুলি পাওয়া গিয়েছে, তা দেখে সেটাই মনে করছেন তদন্তকারীরা।