Bhandarhati: তিনশো বছরের প্রাচীন ইতিহাস! হুগলির এই বাড়ির পুজোয় দুর্গা পূজিতা হন ‘শিব দুর্গা’ রূপে
এক চালার কাঠামোয় দেবীর সঙ্গে থাকেন লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। তবে নেই সিংহ, নেই অসুর, নেই দশভুজার দাপট। বরং সিংহাসনে আসীন শান্তরূপিণী মা
রাকেশ চক্রবর্তী, হুগলি: হুগলির ধনিয়াখালীর ভান্ডারহাটি আঢ্য বাড়ি—প্রায় তিনশো বছরের এক অনন্য ঐতিহ্যের সাক্ষী। এখানকার দুর্গাপুজো অন্য সবক’টি পুজোর থেকে আলাদা। কারণ, এখানে দেবী পূজিতা হন শিব দুর্গা রূপে। এক চালার কাঠামোয় দেবীর সঙ্গে থাকেন লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। তবে নেই সিংহ, নেই অসুর, নেই দশভুজার দাপট। বরং সিংহাসনে আসীন শান্তরূপিণী মা, মাত্র দু’হাতে। মহিষাসুরমর্দিনী নয়, এখানে মাটির মূর্তিতেই পূজিতা হন শিব দুর্গা (Bhandarhati)।
আরও পড়ুনঃ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি থেকে ফের অগ্ন্যুৎপাত, আতঙ্কে আন্দামান
কথিত আছে, আঢ্য পরিবারের বধূ বিধুমণি দেবী স্বপ্নাদেশ পেয়েছিলেন। নিঃসন্তান এই নারী, যিনি ছিলেন সোনার ব্যবসায়ী, তিনিই প্রথম শুরু করেন এই পুজো। স্বপ্নাদেশ থেকে শুরু হওয়া সেই পূজা আজ তিনশো বছর পরও একই ভক্তি ও নিয়ম মেনে চলে আসছে। এ পুজোর আচারও বিশেষ। সপ্তমীতে ১৭ রকম, অষ্টমীতে ১৮ রকম আর নবমীতে ১৯ রকম নৈবেদ্য নিবেদন করা হয় দেবীকে। নবমীর দিন হয় কুমারী পূজা। আগে চার দিন ধরে চলত মহাভোজ, মিলিত হতেন দূরদূরান্তের আত্মীয়স্বজনরা। তবে বর্তমান সময়ে অর্থাভাবের কারণে সেই আয়োজন বন্ধ হয়েছে (Bhandarhati)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
দশমীর দিন দেবীকে কাঁধে করে চারপাড়া ঘোরানো হয়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উল্লাসে মুখরিত হয় ভান্ডারহাটি। শেষে স্থানীয় তালপুকুরে হয় বিসর্জন। বর্তমানে এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন স্বপন কুমার আঢ্য ও তাঁর পরিবার। স্বপ্নাদেশের ইতিহাসের সঙ্গে আজও বেঁচে আছে ভক্তি, বেঁচে আছে সংস্কার। তাই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ভান্ডারহাটির আঢ্য বাড়ির দুর্গাপুজো রয়ে গেছে বাঙালির ঐতিহ্যের এক অনন্য অধ্যায় হয়ে (Bhandarhati)।






