Nagpur Flyover: এ কী কাণ্ড! নাগপুরে উড়ালপুল সোজা উঠে গেল তিনতলা বাড়ির বারান্দায়
জানা গিয়েছে, উড়ালপুলটি তৈরি করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ-এর দাবি, উড়ালপুলের নির্মাণে কোনও গাফিলতি হয়নি।
Truth of Bengal: মধ্যপ্রদেশের ভোপালের কুখ্যাত ৯০ ডিগ্রি রেলসেতুর পর ফের নির্মাণ নিয়ে শোরগোল। এ বার নজর মহারাষ্ট্রের নাগপুরে। অশোকনগর এলাকায় ইন্দোরা-দিঘোরি করিডরের অংশ হিসাবে ৯৯৮ কোটিতে যে উড়ালপুল তৈরি হচ্ছে, তার একটি ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্নের ঝড় উঠেছে।ছবিতে দেখা গিয়েছে, উড়ালপুলের বাঁক এমনভাবে নেওয়া হয়েছে যে তার একটি অংশ সোজা গিয়ে উঠে পড়েছে পাশের একটি তিনতলা বাড়ির ব্যালকনির উপর। এই দৃশ্য দেখে সাধারণ মানুষের বিস্ময় তো বটেই, প্রশাসনিক ত্রুটি নিয়েও প্রশ্ন উঠছে (Nagpur Flyover)।
Nagpur flyover cuts through house balcony, highway authority cites encroachment.#Nagpur #Highway pic.twitter.com/gY0IJgdTX8
— The Tatva (@thetatvaindia) September 18, 2025
জানা গিয়েছে, উড়ালপুলটি তৈরি করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ-এর দাবি, উড়ালপুলের নির্মাণে কোনও গাফিলতি হয়নি। তাঁদের বক্তব্য, ব্যালকনির যে অংশে সেতুটি ঠেকেছে, সেটি বেআইনি ভাবে বাড়ানো হয়েছিল। যে জমিতে উড়ালপুল তৈরি হচ্ছে, সেটি আসলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আওতাধীন। তাই নাগপুর পুরসভাকে বিষয়টি জানানো হয়েছে। এনএইচএআইয়ের দাবি, অবৈধ নির্মাণটি চিহ্নিত করা হয়েছে। পুরসভাকে ওই নির্মাণ ভাঙতে অনুরোধ করেছেন সংস্থার আধিকারিকরা। যদিও এভাবে উড়ালপুল তৈরি নিয়ে জনমানসে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে। সরব স্থানীয় বিধায়ক প্রবীণ ডাকতেও (Nagpur Flyover)।
যদিও ওই বাড়িটি বৈধ না অবৈধ, সেই বিতর্কে ঢুকতে চাননি তিনি। বিধায়কের মতে, আগাম নোটিস পাঠানো যেত। ওই পরিবারকে পুনর্বাসনও দিতে পারত প্রশাসন। এনিয়ে সোশাল মিডিয়াতেও হাজারো মতামত আছড়ে পড়ছে।নাগপুরের এই উড়ালপুলের ছবি ভাইরাল হতেই অনেকের মনে পড়ে গিয়েছে মাত্র চার মাস আগের ভোপালের রেলসেতুর ঘটনা। প্রায় ১৮ কোটি টাকা খরচে নিউ ভোপাল স্টেশন সংলগ্ন মহামই কা বাগ ও পুষ্পনগরকে যুক্ত করতে তৈরি হয়েছিল সেই সেতু। কিন্তু তার ৯০ ডিগ্রি বাঁক দেখে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। নাগপুরের সেতু নিয়েও তাই একই প্রশ্ন তাহলে কী পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে ত্রুটি রয়েছে (Nagpur Flyover)?





