দেশ

ধসের জেরে বিচ্ছিন্ন মুসৌরি, সব রাস্তা বন্ধ, বিকল্প পথও ঝুঁকিপূর্ণ

তিনি আরও বলেন, বিপর্যয়ের ক্ষয়ক্ষতি মাপার সময় এখন নয়, প্রথম কাজ হলো পর্যটকদের নিরাপদে ঘরে ফেরানো।

Truth Of Bengal: পুজোর মুখে নাগাড়ে বৃষ্টি, হড়পা বান ও পাহাড়ি ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ডের পর্যটন শহর মুসৌরি। গত মঙ্গলবার থেকে ধসের জন্য শহরে ঢোকা এবং বেরনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আর তাতেই কার্যত গোটা রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পাহাড়ের রানি। পর্যটন দফতরের তথ্য অনুযায়ী, প্রায় ৫১১ জন ভ্রমণার্থী শহরে আটকে রয়েছেন। তবে বেসরকারি হিসেবে সংখ্যাটি কয়েক হাজার বলে জানা গেছে।(Mussoorie)

আরও পড়ুনঃ Saudi Pakistan: ভারতকে চাপে ফেলে সৌদি আরবের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের

এর মধ্যে দেরাদুন, হরিদ্বার, হৃষিকেশমুখী অসংখ্য ভ্রমণার্থী মাঝপথে আটকে পড়েছেন।অবস্থা এতটাই গুরুতর যে, আটকে পড়া পর্যটকদের জন্য হোটেলগুলিতে খাদ্য ও পানীয় জলের হাহাকার শুরু হয়েছে। তবে আশার কথা, শহরের হোটেল মালিকদের সংগঠন বিপদে পড়া পর্যটকদের পাশে দাঁড়িয়েছে। মুসৌরি ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রজত আগরওয়াল জানিয়েছেন, যাঁরা দুর্যোগে আটকে গিয়েছেন, তাঁদের বিনামূল্যে থাকার, খাওয়ার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন সমস্ত হোটেল-রেস্তরাঁ তাঁদের জন্য খোলা থাকবে। তিনি আরও বলেন, বিপর্যয়ের ক্ষয়ক্ষতি মাপার সময় এখন নয়, প্রথম কাজ হলো পর্যটকদের নিরাপদে ঘরে ফেরানো। বহু পর্যটকের ট্রেন ও বিমানের টিকিট ক্যানসেল হয়ে গিয়েছে। তাই এখন তাঁদের কাছ থেকে পয়সা নেওয়া উচিত নয়। প্রশাসনের সহযোগিতায় দেরাদুনে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।(Mussoorie)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

বর্তমানে দেরাদুন-মুসৌরি যাতায়াতের সব পথ ক্ষতিগ্রস্ত। স্থানীয়রা চাম্বা-তেহরি-হৃষিকেশ অথবা বিকাশনগর হয়ে যাতায়াতের চেষ্টা করছেন, তবে সেই পথ প্রায় ১০০ কিমি ঘুরে যেতে হয়। যাঁদের বিমানের টিকিট কাটা রয়েছে, তাঁদের অতিরিক্ত অর্থ খরচ করে এই বিপজ্জনক পথেই বেরিয়ে আসতে হচ্ছে।এদিকে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক সতর্ক করেছে, ভাটাঘাট, জর্জ এভারেস্ট, কেম্পটি জলপ্রপাত, খাট্টাপানি, লাইব্রেরি রোড, গালোগিধর ও হাতিপাঁও এলাকা অত্যন্ত ধসপ্রবণ। অনেক জায়গায় রাস্তা ৬০ ডিগ্রি পর্যন্ত বসে গিয়েছে, ফলে ওইসব এলাকায় যাওয়া প্রাণঘাতী ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে প্রশাসন।(Mussoorie)