এয়ার ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত, বন্ধ হচ্ছে দিল্লি-ওয়াশিংটন ‘ননস্টপ’ বিমান
সংস্থার মতে, বহরে বিমান ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Truth Of Bengal: বড়সড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া (Air India)। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে দিল্লি ও মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসির মধ্যে সরাসরি বিমান পরিষেবা স্থগিত থাকবে। এই সময়কালে ওই রুটে কোনও এয়ার ইন্ডিয়া ফ্লাইট চলবে না।
[আরও পড়ুন: কুকুরের পর এবার বিড়াল! বিহারে ‘ক্যাট কুমার’ নামে শংসাপত্রে আবেদন]
সংস্থার মতে, বহরে বিমান ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে এয়ার ইন্ডিয়া (Air India) তাদের ২৬টি বোয়িং ৭৮৭-৮ বিমানের আধুনিকীকরণ কর্মসূচি শুরু করেছে, যা ২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে। রেট্রোফিট প্রোগ্রামের আওতায় একাধিক বিমান দীর্ঘ সময়ের জন্য পরিষেবার বাইরে থাকবে। এর সঙ্গে পাকিস্তানের আকাশসীমা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দীর্ঘপাল্লার রুটগুলির উড়ান সময় ও জটিলতা বেড়েছে।
উল্লেখ্য, শুল্ক সংঘাতকে কেন্দ্র করে কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এবার বড় পদক্ষেপ এয়ার ইন্ডিয়ার। বিমান সংস্থার তরফে জানান হয়েছে, যাত্রীসেবা ও ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার জন্যই এই সংস্কার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বরের পরে ওয়াশিংটন ডিসি গামী বা সেখান থেকে ফেরার জন্য বুকিং করা যাত্রীদের সরাসরি যোগাযোগ করে বিকল্প ফ্লাইটে পুনর্বুকিং অথবা সম্পূর্ণ অর্থ ফেরতের সুযোগ দেওয়া হবে।
[আরও পড়ুন: Assam: বিজেপি শাসিত অসমে নাবালিকাকে ধর্ষণ-খুন, গ্রেফতার ১]
যদিও দিল্লি-ওয়াশিংটন সরাসরি ফ্লাইট বন্ধ হচ্ছে, এয়ার ইন্ডিয়া (Air India) ভারত ও উত্তর আমেরিকার ছয়টি গন্তব্যে নন-স্টপ পরিষেবা চালিয়ে যাবে। এর মধ্যে কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভারও রয়েছে। এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, এই সিদ্ধান্ত কঠিন হলেও নেটওয়ার্কের গুণমান বজায় রাখতে তা জরুরি। যাত্রীদের অসুবিধা কমাতে বিকল্প ভ্রমণ ব্যবস্থা ও রিফান্ডের সুযোগ দেওয়া হবে। সংস্থা জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ সংস্কার প্রকল্প শেষ হলে যাত্রীসেবা আরও উন্নত হবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সংস্থার অবস্থান শক্তিশালী হবে।






