আন্তর্জাতিক

Manga Prophecy: মাঙ্গা-শিল্পীর ভয়াবহ ভবিষ্যদ্বাণী! চিন্তিত জাপান

Truth Of Bengal: জাপানে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার ছায়া (Manga Prophecy)। এক জনপ্রিয় মাঙ্গা-শিল্পীর করা ভয়াবহ ভবিষ্যদ্বাণীকে ঘিরে চিন্তিত সাধারণ মানুষ। প্রখ্যাত ও রহস্যময় শিল্পী রিও তাতসুকির রচিত মাঙ্গা “ওয়াতাশি গা মিতা মিরাই” বা “আমি যে ভবিষ্যৎ দেখেছি”–এ ২০২৫ সালের ৫ই জুলাই একটি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের উল্লেখ রয়েছে। এই তারিখ ঘিরেই এখন আতঙ্কে জর্জরিত দেশবাসী।

এই উদ্বেগের মূল কারণ, তাতসুকি ২০১১ সালের মার্চে ঘটে যাওয়া বিধ্বংসী সুনামির কথাও আগেই তাঁর মাঙ্গার প্রচ্ছদে উল্লেখ করেছিলেন। ওই মাঙ্গায় লেখা ছিল, “২০১১ সালের মার্চে একটি বড় দুর্যোগ আসছে।” বাস্তবে সেটিই ঘটেছিল, যখন ৯ মাত্রার ভূমিকম্প ও বিশাল সুনামি লণ্ডভণ্ড করে দিয়েছিল জাপানের উত্তর-পূর্বাঞ্চল (Manga Prophecy)।

মূল মাঙ্গাটি প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালে। তবে ২০১১ সালের সুনামির পরে তা নতুন করে জনপ্রিয়তা পায় এবং ২০২১ সালে একটি বিস্তৃত সংস্করণ প্রকাশিত হয়। এই নতুন সংস্করণে ২০২৫ সালের ৫ই জুলাই-এ সম্ভাব্য একটি ভয়ানক ঘটনার কথা বলা হয়েছে। তাতসুকির মতে, ওই দিন ফিলিপাইন সাগরে একটি অগ্ন্যুৎপাত ঘটবে, যা ২০১১ সালের তুলনায় তিন গুণ বড় সুনামি তৈরি করতে পারে।

যদিও জাপানের আবহাওয়া দফতর এবং অন্যান্য বৈজ্ঞানিক সংস্থা এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে, তবুও জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই এই ভবিষ্যদ্বাণীর প্রভাব পড়েছে জাপানের পর্যটন ও হোটেল শিল্পে। অনেকেই সমুদ্রতীরবর্তী ভ্রমণ বাতিল করছেন (Manga Prophecy)।

উল্লেখযোগ্য বিষয় হল, জাপান সরকার নিজেও বিগত বছরগুলিতে নানকাই ট্রাফে সম্ভাব্য মেগা-ভূমিকম্প নিয়ে একাধিকবার সতর্ক করেছে। সরকারি ভাবে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, একটি শক্তিশালী ভূমিকম্প এবং সুনামি ভবিষ্যতে আঘাত হানতে পারে।

এই পরিস্থিতিতে রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী নিছক কল্পনা নাকি আশঙ্কাজনক বাস্তবতার পূর্বাভাস—তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। তবে আতঙ্কের মাঝেই বিজ্ঞানীরা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন—তথ্য যাচাই করতে, গুজবে কান না দিতে। তবুও আগামী ৫ই জুলাই জাপানবাসীর জন্য এক দুশ্চিন্তার দিন হয়ে উঠেছে (Manga Prophecy)।

Related Articles