দেশ

GST Relief: জিএসটি-তে বড়সড় ছাড়! উপকৃত হবেন মধ্যবিত্ত-নিম্নবিত্ত

The Indian government is planning a major GST relief on essential goods, aiming to reduce tax from 12% to 5%.

Truth Of Bengal: আয়কর ছাড়ের পর এবার সাধারণ মানুষকে আরও স্বস্তি দিতে চলেছে কেন্দ্র সরকার (GST Relief)। সূত্রের খবর, বেশ কিছু প্রয়োজনীয় পণ্যের উপর জিএসটি কমানোর কথা ভাবছে কেন্দ্র। আগামী জিএসটি কাউন্সিলের বৈঠকে মূলত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির ব্যবহৃত পণ্যের উপর কর হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সরকার ১২ শতাংশ জিএসটি স্ল্যাব সম্পূর্ণ তুলে দিয়ে, ওই স্তরে থাকা বেশ কিছু পণ্যকে ৫ শতাংশ করের আওতায় আনার কথা ভাবছে। যার ফলে অনেক পণ্যের দাম কার্যত কমে যেতে পারে।

[আরও পড়ুন: Rajasthan: দিবালোকে ভয়াবহ হত্যাকাণ্ড, প্রাক্তন প্রেমিকের তলোয়ারের কোপে প্রকাশ্যে খুন শিক্ষিকা]

সূত্রের খবর, এই তালিকায় রয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহৃত বেশ কিছু পণ্য—যেমন টুথপেস্ট, ছাতা, রান্নার কুকার, গিজার, বৈদ্যুতিক ইস্ত্রি, সেলাই মেশিন, স্বল্প ক্ষমতার ওয়াশিং মেশিন, সাইকেল, ১,০০০ টাকার বেশি দামের রেডিমেড পোশাক, মাঝারি দামের জুতো, স্টেশনারি সামগ্রী, সিরামিক টাইলস, কৃষি সরঞ্জাম ও ভ্যাকসিন ইত্যাদি।

বিশেষজ্ঞদের মতে, জিএসটি হ্রাসের ফলে ওইসব পণ্যের খুচরো মূল্য হ্রাস পাবে এবং বাজারে চাহিদা বাড়বে। এতে অর্থনীতির গতি ফের চাঙ্গা হতে পারে বলে মনে করা হচ্ছে (GST Relief)।

এই ছাড়ে বছরে প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে সরকার। তবে তা সত্ত্বেও, রাজস্ব বিভাগের মতে, দীর্ঘমেয়াদে পণ্যের চাহিদা ও বিক্রি বাড়লে ঘাটতির ভার সামাল দেওয়া সম্ভব হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, জিএসটি কাঠামোকে আরও সরল এবং যুক্তিসঙ্গত করা প্রয়োজন। আমরা এমন কিছু পণ্যের উপর কর হ্রাসের চিন্তাভাবনা করছি, যা সাধারণ মানুষের জন্য অপরিহার্য।

তবে জিএসটি কমানোর এই প্রস্তাবে সবাই যে একমত, তা নয়। সূত্র অনুযায়ী, পাঞ্জাব, কেরল, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ– এই চার রাজ্য আপত্তি তুলেছে। রাজস্ব ক্ষতির বিষয়টি নিয়েই মূলত বিরোধিতা করছে তারা (GST Relief)।

[আরও পড়ুন: Weather Forecast: রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি, বৃহস্পতিবার থেকে বাড়বে দাপট]

উল্লেখ্য, জিএসটি কাঠামো অনুযায়ী, কর পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হলে জিএসটি কাউন্সিলের অনুমোদন আবশ্যক। সেখানে প্রত্যেক রাজ্যের ভোটাধিকার রয়েছে। অতীতে কেবল একবারই কাউন্সিলে ভোটাভুটি হয়েছে, বাকি সব সিদ্ধান্তই সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এই প্রস্তাব আগামী ৫৬তম জিএসটি কাউন্সিল বৈঠকে আলোচনার জন্য তোলা হতে পারে, যা জুলাই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গিয়েছে (GST Relief)।

Related Articles