West Bengal Rain Forecast: দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি, মঙ্গলবার থেকে ফের ঝড়-বৃষ্টি
এই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না বলেই পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহেই আবার নতুন করে সক্রিয় হতে পারে মৌসুমি অক্ষরেখা।
Truth of Bengal: দক্ষিণবঙ্গবাসীর জন্য সাময়িক স্বস্তির খবর। টানা কয়েকদিনের লাগাতার বৃষ্টির পরে রাজ্যজুড়ে ধীরে ধীরে কমছে বৃষ্টির দাপট। বিহারের উপর অবস্থান করা নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে এবং উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না বলেই পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহেই আবার নতুন করে সক্রিয় হতে পারে মৌসুমি অক্ষরেখা। এমনকি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, যার জেরে উপকূলবর্তী জেলা ও পশ্চিমের একাধিক জেলায় ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ (West Bengal Rain Forecast)।
আরও পড়ুন: Sunday Horoscope: প্রেমে বাঁধা, চাকরিতে সুযোগ, আর্থিক লাভ না ক্ষতি? পড়ে নিন এক ঝলকে
বর্তমানে বিহারে যে নিম্নচাপটি অবস্থান করছে, তা ঘিরে দু’টি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। একটি পূর্ব-পশ্চিমমুখী অক্ষরেখা পাকিস্তান থেকে শুরু হয়ে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও অসম পর্যন্ত পৌঁছেছে। অপরটি বিস্তৃত হয়েছে উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে গুজরাট পর্যন্ত, যার কেন্দ্র বিহারের উপরেই। এছাড়াও মৌসুমি অক্ষরেখা বর্তমানে আগ্রা, জয়পুর হয়ে মানালি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে পূর্ব ভারতের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’তিন দিন তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হবে। তবে আগামী রবিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত (West Bengal Rain Forecast)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
সোমবার একই আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার – এই তিন দিন দক্ষিণবঙ্গের বহু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে প্রবল বৃষ্টিপাত। এর সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি হতে পারে। শনিবার থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুরু হতে পারে ভারী বৃষ্টি। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চলগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার পূর্বাভাসও মিলেছে (West Bengal Rain Forecast)।






