ভেজাল গুড় কারখানায় পুলিশী হানা, গ্রেফতার কারখানার মালিক
Police raid adulterated jaggery factory, factory owner arrested
Truth Of Bengal: নদিয়া, মাধব দেবনাথ: নদিয়ার চাকদহ থানার শিমুরালির সুতারগাছিতে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় বড়সড় অভিযান চালাল পুলিশ ও খাদ্য দপ্তর। গোপন সুত্রে খবর পেয়ে চাকদহ থানার পুলিশ ও খাদ্য নিরাপত্তা আধিকারিকদের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, ওই কারখানায় বর্জ্য মিষ্টি, চিনির সিরাপ এবং রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল গুড় প্রস্তুত করা হচ্ছিল। উদ্ধার হয় ২৪ টিন চিনির সিরাপ, ২৭৯ টিন প্রস্তুত ভেজাল গুড় এবং ২৫০ গ্রাম রাসায়নিক পদার্থ, যা খাদ্য নিরাপত্তা অফিসারের মতে “স্যাফলাইট”।
এইসব দ্রব্য বাজেয়াপ্ত করে পুলিশ ও আধিকারিকরা কারখানায় মালিক রাজেশ কুমার সা-কে আটক করে। তার বিরুদ্ধে খাদ্যে ভেজাল মিশ্রণ এবং প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
এই অভিযানে স্থানীয় বাসিন্দারা পুলিশের ভুমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। খাদ্য ভেজাল রোধে প্রশাসনের এমন পদক্ষেপ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মত এলাকাবাসীর।






