লম্বা “আদার” মতো দেখতে আলু! চক্ষু চড়কগাছ চাষীদের
Potatoes that look like long "ginger"! Eye-catching for potato farmers

Truth Of Bengal: হুগলি জেলা জুড়ে পুরোদমে শুরু হয়েছে আলু তোলার কাজ। অন্যান্য বারের থেকে এবছরে হুগলি জেলায় আলুর ফলন ভালই হয়েছে বলে মত চাষীদের। একে দাম নেই তার উপরে মরার উপর খাড়ার ঘা। হুগলির বৈঁচিগ্রামের উত্তরপাড়ায় জমিতে আলু তুলতে গিয়ে চাষিরা দেখে এক অদ্ভুত আকৃতির আলুর ফলন হয়েছে।
গোল আলুর পরিবর্তে আলুর আকৃতি লম্বা আদার মতো। আর তাতেই মাথায় হাত পড়েছে এলাকার বেশ কয়েকজন চাষীর। কোনটা আবার ফাটা। যার ফলে উৎপাদিত আলু বিক্রি করতে পারবেন না বলেই জানাচ্ছেন চাষীরা। এমনকি এই আলু তেতো স্বাদের, তাই খাবারও অযোগ্য বলে দাবি চাষিদের।
লম্বা “আদার” মতো দেখতে আলু! দেখুন ভিডিয়ো pic.twitter.com/UThze9ZoyU
— TOB DIGITAL (@DigitalTob) March 19, 2025
অনেকেই অন্যের জমি ভাগে চাষ করেছেন, আলু তুলতে গিয়ে দেখেন অদ্ভুত আকৃতির এক আলুর ফলন হয়েছে। চাষ করতে গিয়ে বহু টাকা খরচ হয়েছে। তাই কীভাবে টাকা উঠবে সেটা তারা বুঝে উঠতে পারছেন না। এর আগে কোনদিনও এমন হয়নি, এবারে কেন এমন হল বুঝে উঠতে পারছেন না চাষিরা। আরামবাগেও এমন ফলন হয়েছিল বলে দাবি চাষীদের।
ঝুমা কিসকু নামে এক ভাগচাষী বলেন, “পাঞ্জাবের আলুর বীজ কিনে চাষ করেছিলাম। আলু তুলতে গিয়ে দেখি জমির বেশিরভাগ আলু লম্বা আকৃতির হয়েছে। আবার কোথাও গোল আলু হয়েছে। ঠিকে নিয়ে চাষ করেছিলাম কীভাবে ঠিকে আলু দেবো বা কীভাবে খরচা উঠবে তাই বুঝতে পারছিনা। তবে আমাদের অনুমান আলুর বীজে কোন পাইল করা হয়েছিল যার কারণে এরকম ফলন হয়েছে । আগেও আলু চাষ করেছি এমন কোনদিনও হয়নি। এভাবে ঠকে যাবো ভাবতেই পারছিনা। দেড় বিঘা জমি চাষ করতে প্রায় কুড়ি হাজার টাকা খরচা হয়েছে। এই টাকা কীভাবে উঠবে, তাই এখন বুঝতে পারছি না। ১০ থেকে ১২ বস্তা আদার মত আলু হয়েছে। এই এলাকার বেশ কয়েকজন চাষীর এমন হয়েছে।”
অপর এক চাষী গঙ্গামনি সরেন বলেন, “আলু খুলতে এসে দেখি লম্বা লম্বা আলু হয়েছে তার ওপর ফলনও কম হয়েছে। কেন এমন হয়েছে বুঝতে পারছি না। ১৭০০ টাকা বস্তা বীজ কিনে চাষ করেছিলাম। প্রায় এক বিঘা জমি ভাগে চাষ করি। আমরা জানি আলু গোল হয় কিন্তু লম্বা হবে তা ভাবতে পারিনি। যখন বীজ কিনেছিলাম তখন ভালো বীজ ছিল। ছোট বীজ দেখতেও ভালো ছিল। সার, ওষুধ ,ইউরিয়া সব ব্যবহার করেছিলাম তাতেও আলুর ফল এমন হয়েছে।”






