বেড়েছে গণ্ডারের সংখ্যা, চোরা শিকার রুখে বিরাট সাফল্য পেল বনদফতর
Rhinoceros population rises, forest department achieves huge success in curbing poaching

Truth of Bengal: এক শৃঙ্গ গণ্ডারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিরাট সাফল্য পেল বনদফতর। সম্প্রতি প্রকাশিত গণ্ডার শুমারির রিপোর্ট অনুযায়ী, জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা বেড়েছে। ২০২২ সালের শুমারিতে যেখানে ২৯২টি গণ্ডার ছিল, এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১টিতে।
শুধু জলদাপাড়া নয়, গরুমারা জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে। এই সাফল্যের পেছনে বনদফতরের কঠোর পরিশ্রম ও চোরা শিকার রুখে দেওয়ার পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বনমন্ত্রী বীরবহা হাঁসদা জানান, “এটি অত্যন্ত আনন্দের খবর। আমার সহকর্মীরা মাঠ পর্যায়ে দুর্দান্ত কাজ করছে। ২০১১ সালের পর থেকে জঙ্গল বেড়েছে, ফলে বাঘ, হাতি, গণ্ডারসহ বিভিন্ন বন্যপ্রাণীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এটি আমাদের বন কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফল।”
প্রকৃতি সংরক্ষক বিশ্বজিৎ সাহা বলেন, “এলাকার পর্যটন ও পরিবেশ রক্ষার জন্য এটি অত্যন্ত ইতিবাচক খবর।” জলদাপাড়া বন বিভাগের বিভাগীয় অধিকর্তা প্রভীন কাসোয়ান জানিয়েছেন, “আমরা জাতীয় উদ্যানের নিরাপত্তা সুনিশ্চিত করতে পেরেছি। গত চার বছরে কোনও চোরা শিকারের ঘটনা ঘটেনি। বন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, যা আমাদের এই সাফল্যের অন্যতম কারণ।”
বন্যপ্রাণী সংরক্ষণে বনদফতরের এই সাফল্য আগামী দিনে আরও ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।






