ডুয়ার্সে পর্যটকদের অতিরিক্ত ফি নেওয়া বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর
CM orders to stop charging extra fees to tourists in Dooars
Truth of Bengal: ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, পর্যটকদের থেকে কোনও বাড়তি টাকা নেওয়া যাবে না।
রাজাভাতখাওয়ার জঙ্গলে ঢুকতে মাথাপিছু এবং গাড়িপিছু টাকা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বৈঠকে উপস্থিত বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, পর্যটকদের প্রায় আড়াই হাজার টাকা দিতে হয়। বিষয়টি শোনার পরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “কেন টাকা দিতে হয়? কার অনুমতিতে টাকা নেওয়া হচ্ছে?”
বনদপ্তরের এক কর্তা জানান, এই এন্ট্রি ফি চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ঠিক করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ এই প্রক্রিয়ার সমালোচনা করেন এবং নির্দেশ দেন, পর্যটকদের কোনও অতিরিক্ত ফি নেওয়া যাবে না। তিনি বলেন, “বনদপ্তর কি সরকারের বাইরে? কেন এই বিষয়ে জানানো হয়নি?”
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে ডুয়ার্সে পর্যটকদের জন্য একটি বড় স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। পর্যটন শিল্পের বিকাশে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।






