ডার্বিতে নেই থাপা, প্রতিপক্ষ নয়, নিজের দল নিয়েই ভাবছেন মোলিনা
There is no Thapa in the derby, Molina is thinking about his team, not the opponent
Truth Of Bengal : আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই গুয়াহাটিতে আইএসএলের ফিরতি ডার্বি ম্যাচ। এই মহারণের ২৪ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে এসে বাগান কোচ হোসে মোলিনা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, প্রতিপক্ষ দল নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই। নিজের দল নিয়েই তিনি বেশি ভাবছেন।
ডার্বি ম্যাচের আগে সাংবাদিক সম্মলনে বাগান কোচ জানান, ‘ডার্বি ম্যাচ সবসময়ই কঠিন। আমার দল এই ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স দিয়েই প্রতিপক্ষ দলের থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে নিতে বদ্ধ পরিকর। এই ম্যাচে জেতা অত্যন্ত কঠিন ব্যাপার। তবুও আমার দল, সমর্থকদের হতাশ করতে চায় না। দলের প্রতিটা খেলোয়াড়ের মূল লক্ষ্যই হচ্ছে যেনতেন প্রকারেণ জয় পাওয়া।’
পয়েন্ট টেবিলে এই মুহূর্তে মোহনবাগানের থেকে অনেকটাই পিছনে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। বড় ম্যাচে এর কোন প্রভাব পড়বে কি না, জানতে চাইলে বাগান কোচ স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘এই বিষয়টা কোনও ফ্যাক্টরই নয়। তাঁর দল শনিবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচ জেতার জন্য আত্মবিশ্বাসী। আমাদের কাছে ডার্বি ম্যাচের ৯০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডার্বি ম্যাচ জিতেই আমার ছেলেরা সমর্থক থেকে কর্তাদের মুখে হাসি ফোটাতে তৈরি।’
বৃহস্পতিবারই লাল-হলুদের অনুশীলন গোপনে হোটেল থেকে নজরদারির একটা অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গ খারিজ করে মোলিনা বলেন, ‘এই অভিযোগ একেবারেই ঠিক নয়। কেননা, আমরা প্রতিপক্ষ দল নিয়ে বেশি চিন্তা করবো কেন? আমরা আমাদের দল নিয়েই ভাবছি।’
দলের খেলোয়াড়দের চোট-আঘাতের প্রসঙ্গে বলতে গিয়ে বাগান কোচ জানান, ‘চোট-আঘাত ফুটবলের একটা অঙ্গ। তবে এই নিয়ে আমি বেশি চিন্তা করতে রাজি নই। কেননা আমার হাতে অনেক পরিবর্তিত খেলোয়াড় রয়েছেন, যাঁরা দলের হয়ে প্রথম একাদশে খেলার যোগ্য। কাজেই যাঁরা সুযোগ পাবেন, তাঁরা নিজের সেরা খেলাটাই উপহার দেবেন।’
বাগানের এই মুহূর্তে অন্যতম সেরা খেলোয়াড় হলেন স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। ডার্বি ম্যাচের আগের দিন কোচ মোলিনার সঙ্গে সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনিও। ডার্বি ম্যাচ প্রসঙ্গে বাগানের অন্যতম এই অজি স্ট্রাইকার জানান, ‘কলকাতায় না হলেও গুয়াহাটিতে যেখানে ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে, আশাকরি সেখানকার পরিবেশ এই হাইভোল্টেজ ম্যাচ খেলার জন্য যথেষ্ট উপযুক্ত হবে।’
তবে কোচ মোলিনা ইস্টবেঙ্গলকে নিয়ে সেভাবে ভাবতে না চাইলেও ম্যাকলারেনের গলায় কিন্তু কিছুটা হলেও অন্য সুর শোনা গেল। অজি স্ট্রাইকার বলেন, ‘ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী একটা দল। ইতিমধ্যে দলটার মধ্যে ম্যাচ জেতার জন্য অনেক তাগিদও চোখে পড়ছে। আমরা আশাবাদী আমাদের সেরা খেলা খেলেই ম্যাচ জিততে পারব। ডার্বির আগে স্ট্রুয়ার্ট সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ায়, তাঁদের শক্তি যে অনেকটাই বেড়ে গিয়েছে।’
ম্যাকলারেন আরও জানান, ‘আমি গোল করতে যেমন ভালবাসি, ঠিক তেমনই ভালবাসি, ঠিক তেমনই ভালবাসি গোল করানোর ক্ষেত্রেও। তবে প্রতিটা ম্যাচের আগে আমাদের একটাই লক্ষ্য থাকে ৩ পয়েন্ট ঘরে তুলে নেওয়া। তবে আমি খুশি, আমাদের দলের শুধু স্ট্রাইকাররাই গোল করতে পারেন না, ডিফেন্ডার থেকে শুরু করে মিডফিল্ডাররাও গোল করে ম্যাচ জেতাতে পারেন।’






