আরও একবার পরীক্ষায় ব্যর্থ সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তিনি? বাড়ছে সংশয়
Shakib failed the test once again, will he play in the Champions Trophy? Doubts are growing
Truth Of Bengal : ইংল্যান্ডে প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ভাবা গিয়েছিল সাকিব আল হাসান দ্বিতীয় দফায় পরীক্ষায় উত্তীর্ণ হবেন। কিন্তু চেন্নাইয়ে দেয়া দ্বিতীয় পরীক্ষাতেও সফল হতে পারেননি বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি সূত্র বুধবার গভীর রাতে বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছর সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসাবে রিপোর্ট করা হয়েছিল। এরপর দুই মাস পর জানা যায়, সাকিব লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রথম পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেননি। গত ২১ ডিসেম্বর চেন্নাইতে দ্বিতীয় পরীক্ষায় অংশ নেন সাকিব এবং তার ফলও ছিল নেতিবাচক। ইসিবি সূত্র নিশ্চিত করেছে যে, আবারও ব্যর্থ হয়েছেন এই তারকা।
এদিকে একটি সূত্র এমনও জানিয়েছে, চেন্নাইয়ের পরীক্ষায় আসা নেতিবাচক ফলটিতে ‘টেকনিক্যাল এরর’ বা কারিগরি ত্রুটি থেকে থাকতে পারে বলে তাঁরা শুনেছেন। সে ক্ষেত্রে এই পরীক্ষার ফলাফল ধর্তব্যের মধ্যে আনা হবে না। সাকিব ‘দ্বিতীয়’ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আবারও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের এই পরীক্ষার ফলের ওপর নির্ভরশীল ছিল, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে। কারণ, ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে। বর্তমানে, সাকিব শুধুমাত্র বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন, আন্তর্জাতিক ক্রিকেটে নয়। তবে, তাঁকে ব্যাটার হিসাবে খেলার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস গত বুধবার বলেছিলেন, ফল ৫ জানুয়ারি আসার কথা ছিল, তবে নতুন বছর ও বড়দিনের ছুটির কারণে কিছুটা দেরি হয়েছে।
বর্তমানে, সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। এমনিতেই রাজনৈতিক কারণে তাঁর খেলা অনিশ্চিত ছিলই, এখন তাঁর বোলিং অ্যাকশনের বিষয়টি আরও বাড়িয়ে দিয়েছে এই অনিশ্চয়তা।






