Truth Of Bengal: বড়পর্দায় আসছে আরও এক টানটান রহস্য-রোমাঞ্চতে ভরা ছবি। ছবির নাম ‘মহরৎ’। ছবির পরিচালনায় আতিউল ইসলাম। আর এই ছবি দিয়েই টলিউড পেতে চলছে নতুন জুটি। ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী ঋত্বিকা সেন এবং নবাগত মীর। ছবিতে ঋত্বিকা, মীর ছাড়াও দেখা যাবে দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ সব অনেককে। ‘মহরৎ’ ছবির প্রযোজনায় সালিমা খাতুন। ছবির চিত্রনাট্যে অনুভব ঘোষ। চলতি বছরেই বড় পর্দায় মুক্তি পাবে রহস্য রোমাঞ্চে ভরপুর ‘মহরৎ’।
সূত্রের খবর, কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ছবির শুটিং স্থল। ছবির গল্প এগোবে এক খুনকে কেন্দ্র করে। শুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়কে। তাঁর প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় নামকরা চিত্র পরিচালক।
বিচ্ছেদের তিন বছর পরে শুটিং ফ্লোরে তাঁদের আবার দেখা। এখানেই খুন হয় নায়িকা। তদন্তে উঠে আসে ছবির নায়ক সোহেল খান আর নায়িকার প্রাক্তন স্বামীর নাম। প্রকৃত খুনি কে? সেই রহস্য সমাধানই ফুটে উঠবে ছবিতে। সব মিলিয়ে বহুদিন পর অভিনেত্রী ঋত্বিকা সেনকে আবারও দেখা যাবে টলিউডে। চলতি বছরেই মুক্তি পাবে রহস্য রোমাঞ্চে ভরপুর ছবি ‘মহরৎ’।


