হিমাচলে ভারী থেকে অতিভারী তুষারপাত, বন্ধ তিনটি জাতীয় সড়ক সহ ২২৬টি রাস্তা
Heavy to very heavy snowfall in Himachal, 226 roads including three national highways closed
Truth Of Bengal: উত্তরভারত জুড়ে বেড়েই চলেছে ঠান্ডার দাপট। মৌসম ভবনের তরফ থেকে জারি করা হয়েছিল শৈত্যপ্রবাহের সতর্কতাও। সেইমতো বিগত কিছুদিন ধরেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলছে জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে। চলছে বৃষ্টি ও তুষারপাত। এই ভয়াবহ দুর্যোগের জেরেই প্রবল সমস্যায় পড়েছেন পর্যটকরা।
গত দুদিনে ভারী তুষারপাতের জেরে প্রায় শতাধিক রাস্তা বন্ধ। একাধিক রাস্তায় ব্যাহত হয় যানবাহন চলাচল। রাস্তার মধ্যেই আটকে পড়েন এাকধিক গাড়ি সহ পর্যটকরা। জানা যাচ্ছে, তিনটি জাতীয় সড়ক-সহ ২২৬টি রাস্তা হিমাচলে বন্ধ হয়ে রয়েছে। এরমধ্যেই শিমলায় ১২৩টি, কুলুতে ২৫টি ও লাহুল ও স্পতিতে ৩৬টি রাস্তা এখনও পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে।
একাধিক জায়গায় বিদ্যুত পরিষেবাও বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। কারণ স্বরূপ জানা যাচ্ছে, অতিরিক্ত ঠান্ডার জেরে বিকল হয়ে পড়েছে ট্রান্সফর্মার। এরই মাঝে শুক্রবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়।
বিশেষত সিমলাতে নতুন করে তুষারপাতের সম্ভাবনার কথা আবহাওয়া দফতর জানাচ্ছে। এমনকি নতুন বছরেও তুষারপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত শৈত্যপ্রবাহ চলবে মানালি, মান্ডী, সুরেন্দ্রনগরে, উনা ও হামিরপুরে।






