কার্ড সমস্যা, হায়দরাবাদ ম্যাচে নেই হেক্টর ও রাকিব
Card problem, Hector and Rakib not in Hyderabad match
Truth Of Bengal: এই মুহূর্তে আগের থেকে কিছুটা হলেও ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজো দলের দায়িত্ব নিতেই বদল ঘটেছে লাল-হলুদ খেলোয়াড়দের পারফরম্যান্সও। গত শনিবার যুবভারতীতে আনোয়ার-সৌভিকরা দূরন্ত লড়াই করে জামশেদপুরের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছেন। পয়েন্ট টেবিলেও ধীরে ধীরে ওপরের দিকে উঠতে শুরু করেছে ইস্টবেঙ্গল। আগামী ২৮ ডিসেম্বর অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। তার আগে অবশ্য অস্কারকে চিন্তায় রাখছে হেক্টর ও রাকিবের কার্ড সমস্যা।
শনিবার জামশেদপুরের বিপক্ষে রেফারি হরিশ কুন্ডুর সঙ্গে অযথা তর্ক করে হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হেক্টর ইউথসে। ফলে চারটি হলুদ কার্ড হয়ে যাওয়ায় হায়দরাবাদের বিপক্ষে তাঁকে পাবেন না অস্কার। একই কারণে পাওয়া যাবে সাইড ব্যাক রাকিবকেও। ফলে আবার নতুন করে ডিফেন্স লাইন সাজাতে হবে অস্কারকে।
সেক্ষেত্রে হিজাজির সঙ্গে ডিপ ডিফেন্সে আনোয়ারকে ব্যবহার করতে পারেন অস্কার। আর রাকিবের জায়গায় ফিরতে পারেন নিশু কুমার কিংবা প্রভাত লাকরা। তবে প্রভাত আগের ম্যাচগুলিতে সুযোগ পেলেও সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। সেক্ষেত্রে হয়তো নিশুর সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেশি থাকবে বলে মনে করছেন অনেকেই।
হায়দরাবাদ পয়েন্ট টেবিলের ১২ নম্বর স্থানে থাকলেও যেহেতু অ্যাওয়ে ম্যাচ তাই হয়তো খুব একটা ঝুঁকি নেবেন না অস্কার। এখন দেখা যাক, হায়দরাবাদের বিপক্ষে কি স্ট্র্যাটেজি নিয়ে অস্কার দল সাজান তা সময়ই বলবে।
এদিকে জামশেদপুরের বিপক্ষে ম্যাচে অনভ্যস্ত জায়গায় দূরন্ত খেলেছেন ডিফেন্ডার আনোয়ার আলি। ম্যাচ শেষে আনোয়ারকে প্রশংসায় ভরিয়ে দিলেন লাল-হলুদের হেডস্যার। অস্কার বলেন, আনেয়ার দলের গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। দলের স্বার্থে ওঁকে যেখানে বলেছি, সেখানেই খেলেছে। এবং নিজের সেরাটা দিয়েই লড়াই করেছে। আনোয়ারের মত খেলোয়াড় যে কোনও দলের কাছেই সম্পদ। পাশাপাশি দীর্ঘদিন পর ছন্দে ফেরা অধিনায়ক ক্লেটনেরও প্রশংসা করলেন লাল-হলুদ কোচ। তিনি বলেন, ক্লেটন জামশেদপুরের বিপক্ষে দূর্দান্ত পারফরম্যান্স করেছে। ও আস্তে আস্তে অনেকটা ছন্দে ফিরেছে। দারুণ ওয়ার্কলোড নিয়েছে। প্রতিটি বলের জন্য ঝাঁপিয়েছে। ম্যাচের সেরাও হয়েছে ক্লেটন। ব্রাজিলিয়ান ফুটবলারের পারফরম্যান্স যে তাঁকে খুশি করেছে জানান অস্কার। এদিকে গোল করলেও দিয়ামান্তাকস এখনও পুরোপুরি ম্যাচ ফিট হননি বলেই জানান অস্কার।
এদিকে রবিবার অনুশীলনে ছুটি দিয়েছেন অস্কার। সূত্রের খবর, সোমবার থেকে ফের হায়দরাবাদ ম্যাচের প্রস্তুতিতে নামবেন লাল-হলুদ ফুটবলাররা।






