দেশ

বাজি ফাটানোর প্রতিবাদে মারধর, ঘটনাস্থলেই মৃত্যু বৃদ্ধের

Old man beaten up in protest of betting, death on the spot

Truth Of Bengal: কালীপুজোর রাতে বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় এক বৃদ্ধকে মারধর করা হয়েছে যার ফলে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের সেক্টর ১৮ হাউসিং বোর্ড কলোনিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ বাজি ফাটাতে আসা ধীরজ, নন্দু এবং রাজু নামে তিন যুবক বৃদ্ধের বাড়ির সামনে বাজি ফাটাতে শুরু করেন। তাঁরা সকলেই একই পাড়ার বাসিন্দা। বৃদ্ধ তাদের এই কার্যকলাপের প্রতিবাদ জানান এবং নিরাপদ স্থানে বাজি ফাটানোর পরামর্শ দেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও, অভিযুক্ত যুবকরা গভীর রাতে আবার ফিরে এসে বাজি ফাটাতে শুরু করে। বৃদ্ধ যখন পুনরায় প্রতিবাদ করেন, তখন তাঁরা ওই বৃদ্ধকে মারধর করে। নিহতের পুত্র অভিযোগ করেছেন যে, বৃদ্ধকে মারধর করার সময় তিনি এবং তাঁর স্ত্রীও আক্রান্ত হন। মারধরের ফলে বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান, এরপর অভিযুক্তরা পালিয়ে যায়।

নিহতের পরিবার পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এ ঘটনার ফলে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে না পারে।

Related Articles