কালীপুজো ২০২৪

কেমন ভাবে ত্রয়োদশী তিথিতে করবেন ধনতেরাসের পুজো

How to worship Dhanteras on Troyodashi Tithi

Truth of bengal, মৌ বসু: নবরাত্রি আর দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর গোটা দেশ উত্সুক হয়ে অপেক্ষা করে আলোর উত্সব দীপাবলির জন্য। ধনত্রয়োদশী বা ধনতেরাসের দিন মা লক্ষ্মী ও কুবেরদেবকে প্রসন্ন করার জন্য সোনা-রূপোর গয়না, বাসন বা মুদ্রা, অন্য ধাতু নির্মিত দ্রব্য কেনার চল আছে। অবাঙালি এই অনুষ্ঠান আজ বাঙালির ঘরের উত্সব হয়ে উঠেছে। দীপাবলি উৎসবের প্রথম দিনে গোটা দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালিত হয় ধনতেরাস। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ অর্থাৎ ১৩তম দিনে উৎসবটি পালন করা হয় বলে এর আরেক নাম ধনত্রয়োদশী।

সংসারের ধন, সমৃদ্ধি, সৌভাগ্য আর সুস্বাস্থ্যের কামনায় ধনতেরাসের দিন মালক্ষ্মীর পাশাপাশি ধনসম্পদের দেবতা কুবেরদেবকে পুজো করা হয়। ধনতেরাসের দিন অবাঙালিরা বাড়িতে রঙিন আল্পনা বা রঙ্গোলি আঁকেন। ঘরে ও বাড়ির চারিদিকে প্রদীপ বা মোমবাতি জ্বালান। বাড়ির বাইরে সারা রাত ধরে প্রদীপ জ্বালিয়ে রাখা হয় অশুভ শক্তিকে তাড়াতে। অনেকে সন্ধ্যায় পুজোর সময় সাত রকমের শস্যদানা মালক্ষ্মীকে অর্পণ করেন।

কেউ কেউ আবার সন্ধ্যা পর্যন্ত উপোস করেন, মধু, দই, ঘি, দুধ আর মিষ্টি অর্থাৎ পঞ্চামৃত দেন দেবতার উদ্দেশ্যেে। হিন্দুধর্মে ধনতেরাস তিথিকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। মা লক্ষ্মীকে স্বাগত জানাতে বাড়িঘর, ব্যবসার জায়গা সব পরিষ্কার পরিচ্ছন্ন করার বা রং করার রেওয়াজ আছে। সারা বাড়িতে লক্ষ্মীর পা আঁকা হয়। সারারাত ধরে ঠাকুরঘর বা ঠাকুরের আসনের সামনে মা লক্ষ্মীকে আহবান করার জন্য প্রদীপ জ্বালিয়ে রাখা হয়।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মা লক্ষ্মী আর সম্পদের দেবতা কুবের দেবতাকে সন্তুষ্ট করার জন্য ধনতেরাসের দিন সোনা, রুপোর গয়না, মূর্তি, কয়েন বা নিদেনপক্ষে নতুন বাসনকোসন কেনার প্রচলন আছে। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী এদিন নতুন কিছু কিনলে মনে করা হয় সারা বছর গৃহে লক্ষ্মী বাঁধা থাকবে।ধনতেরাসের দিন সন্ধ্যা বেলায় মা লক্ষ্মীর পুজো করা হয় আর অশুভ শক্তি বিনাশ করার জন্য জ্বালানো হয় প্রদীপ।

কোনো কোনো জায়গায় গম, অড়হর, মুুগ, ছোলা, মুসুর-সহ ৭শস্যকে পুুুজো করা হয়। মরাঠিরা ধনতেরাসকে ধনত্রয়োদশী নামে ডাকে। কোথাও কোথাও আবার ফানুস ওড়ানো আর সন্ধ্যায় জুয়া খেলার রেওয়াজ আছে। ধনতেরাসের দিন সূর্যাস্তের পর শুদ্ধ নতুন জামা কাপড় পরে ও নতুন গয়নায় সেজে লক্ষ্মী-গণেশ আর কুবের দেবতাকে একসঙ্গে পুজো করা হয়। গোলাপ অথবা গাঁদাফুলের মালা পরানো হয়। মিষ্টি দেওয়া হয়, ঘিয়ের প্রদীপ, ধূপ, ধুনো, কপূর্র জ্বালানো হয়।

Related Articles