Truth Of Bengal: ধনতেরসের সকালে বাজারে মিলল এক টুকরো সুখবর। কমেছে সোনা ও রুপোর দাম, ফলে কেনাকাটায় উৎসাহিত হচ্ছেন ক্রেতারা। শনিবার কলকাতায় ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১২,০৪৫ টাকা, যা শুক্রবারের তুলনায় কিছুটা কম। একইভাবে রুপোর দামেও দেখা গেছে নিম্নগতি। খুচরো বাজারে রুপোর দাম কমে হয়েছে ১৭,৩৭০ টাকা, যা আগের দিনের তুলনায় ১৯৫ টাকা কম। ১ কেজি রুপোর দাম ১,৭৩,৭০০ টাকা, কমেছে ১,৯৫০ টাকা। ১০০ গ্রাম রুপোর বাটের দাম এখন ১৭,৩৬০ টাকা। তবে এই দামে জিএসটি ও টিসিএস যুক্ত হবে।
পঞ্জিকা অনুযায়ী, ধনতেরসের তিথি শুরু হবে ১৮ অক্টোবর শনিবার বেলা ১২টা ১৮ মিনিট থেকে, যা চলবে ১৯ অক্টোবর দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত। পুজোর জন্য শুভ সময় ধরা হয়েছে সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। এছাড়া ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর ৪টা ৪৩ মিনিট থেকে ৫টা ৩৩ মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৪৩ মিনিট থেকে বেলা ১২টা ২৯ মিনিট পর্যন্ত। সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৯টা ১১ মিনিট পর্যন্ত থাকবে বৃষভ কাল ও প্রদোষ কাল চলবে বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত।
জ্যোতিষ শাস্ত্র মতে, এই নির্দিষ্ট শুভ সময়গুলোর মধ্যেই ধনতেরসের কেনাকাটা করা শুভ। আপনি চাইলে সোনার গয়না কিনতে পারেন, অথবা লক্ষ্মী-গণেশের ছবি যুক্ত সোনার বা রুপোর কয়েনও কেনা যেতে পারে। সোনার গয়না না কিনতে পারলে রুপো, তামার বাসনপত্র, এমনকি পকেট টান থাকলে পড়াশোনার সামগ্রী যেমন কলমও কিনে নেওয়া যায়। বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন লাগানো বা একটি ঝাড়ু কেনাও শাস্ত্রমতে শুভ ফলদায়ী বলে মনে করা হয়।






