‘আমরা সিবিআই চাইনি’, সাফ জানালেন তিলোত্তমার বাবা-মা
We didn't want CBI', Tilottama's parents clarify
Truth Of Bengal: ‘কলকাতা পুলিশ ৫ দিনে যা করেছেসিবিআই৫ মাসে তা করতে পারল না।’ শিয়ালদা আদালতে শুনানিতে শেষ হতেই এমন কথা বললেন আরজি করের নির্যাতিতার মা। নির্যাতিতার মা বলেন, ‘একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব নয়। একটা হাসপাতালের জনবহুল হাসপাতাল। সেখানে কেউ একজন বাইরের এসে গেল হাসপাতালের কেউ জানতে পারল না এটা আমি মনে করি না। আমি মনে করি হাসপাতালের কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে। তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে। যখন সবাই শাস্তি পাবে। তখন আমার মেয়ের আত্মা ও আমার মন শান্তি পাবে।’
আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার শুনানি শেষে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা বলেন, ‘এখন আমরা সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলছি না। আমরা প্রশ্নগুলি আদালতের সামনে রেখেছি। সেই প্রশ্নগুলি প্রকাশ্যে বলা যাবে না। কলকাতা পুলিশের ৫ দিনের তদন্তের ফল আজকে পাওয়া গেল। পরবর্তীতে সাপ্লিমেন্টরি চার্জশিট আসবে। তার ফলও পাওয়া যাবে। কলকাতা পুলিশ যেটা ৫ দিনে করল সেটা ৫ মাসে করতে পারছে না সিবিআই। ২ জনকে তো ছেড়েই দিল।’
সিবিআই যেভাবেতদন্ত করেছে তাতে সন্তুষ্ট নন বলে জানিয়ে দেন নির্যাতিতার বাবা-মা। আবার তদন্তের জন্য ইতিমধ্যে তাঁরা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। কেন তাঁরা সিবিআই নিয়ে সন্তুষ্ট নন? এই প্রশ্নের উত্তরে নির্যাতিতার মা বলেন, ‘আমরা মনে করি সঞ্জয় দোষী।তবে তার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়।আমি মনে করি হাসপাতালের কেউ যুক্ত আছে। তারা সবাই সামনে আসবে। প্রকৃত তথ্য সামনে আসবে।সবাই যখন সাজা পাবে তখন আমার মেয়ের আত্মা শান্তি পাবে।’
শেষে নির্যাতিতার বাবা-মা দু’জনেই বলেন, ‘আমরা সিবিআই চাইনি।ভাল এজেন্সি চেয়েছিলাম।সেখানে হাইকোর্ট মনে করছিল বলে সিবিআই হয়েছে।’ অর্থাৎ, শুনানি শেষ হলেও, সিবিআই এর তরফে দোষীর সর্বোচ্চ সাজা চাওয়া হলেও সিবিআই তদন্ত নিয়ে অনাস্থা প্রকাশ করেন নির্যাতিতার মা-বাবা।
বৃহস্পতিবার শিয়ালদা আদালতে শেষ হয়েছে আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলার শুনানি। গোটা শুনানি হয়েছে রুদ্ধদ্বার কক্ষে। বৃহস্পতিবার শেষদিনের শুনানিতে সওয়াল করেন নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী। সওয়ালে তিনি আদালতের সামনে একগুচ্ছ প্রশ্ন রেখেছেন। তার পর সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী। সওয়ালে অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির সাজা দাবি করেছেন সিবিআইয়ের আইনজীবী। এই সওয়াল জবাবের পর শেষ হয় শুনানি।আগামী ১৮ জানুয়ারি দুপুর ২টো ৩০ মিনিটে এই মামলার রায়দান হবে বলে জানিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক।






