রাজ্যের খবর

উপনির্বাচনে ছক্কা হাঁকাল তৃণমূল, ধারেকাছে নেই বিজেপি

Trinamool scores six in by-elections, BJP not even close

Truth Of Bengal: ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়জয়কার দেখেছিল গোটা রাজ্য। তারপর আর জি কর সহ বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে বিরোধীরা লাগাতার কোণঠাসা করার চেষ্টা করেছে শাসকদলকে। তবে, বাংলার মানুষ যে তৃণমূলকেই সমর্থন করেন, তা ছ’কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফলাফল থেকে কার্যত স্পষ্ট।

নৈহাটি, হাড়োয়া, তালড্যাংরা, মেদিনীপুর, সিতাই তো বটেই, মাদারিহাটও গেল তৃণমূলের ঝুলিতে। অর্থাৎ, যেই মাদারিহাট কেন্দ্র থেকে ২০২১-এর বিধানসভা ভোটে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা, যেই আসন এর আগে কখনও তৃণমূলের ঝুলিতে আসেনি, আলিপুরদুয়ারের সেই মাদারিহাটেও এবার ঘাসফুল ফোটাল শাসক শিবির।

মাদারিহাটে শুরু থেকেই বিশেষ নজর ছিল রাজনৈতিক মহলের। এবার এখানে প্রথমবার খাতা খুলল তৃণমূল। ৩০ হাজার ৩০৯ ভোটে  এই কেন্দ্র থেকে জয়ী হলেন জয়প্রকাশ টোপ্পো। অন্যদিকে, ৪৯ হাজার ১৯৩ ভোটে নৈহাটিতে জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে। সিতাইতে জয়ী তৃণমূলের সঙ্গীতা রায়। ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জয় পেলেন সঙ্গীতা।

হাড়োয়া আসন থেকে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। তালড্যাংরা থেকে ৩৩ হাজার ৮৫৬ ভোটে জয়ী তৃণমূলের ফাল্গুনি সিংহবাবু। মেদিনীপুরে ৩৩ হাজার ১৯০ ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।

প্রসঙ্গত, ২০২১-এর বিভানসভা নির্বাচনে এই ছ টি কেন্দ্রে যাঁরা জয়ী হয়েছিলেন, তাঁরা সকলেই ২০২৪-এর লোকসভা ভোটে লড়েন এবং  জয়ী হন। ফলে, বিধায়কশূন্য হয়ে পড়ে এই বিধানসভা আসনগুলি। এবারের উপনির্বাচনে ছক্কা হাঁকাল তৃণমূল, ধারেকাছে নেই বিরোধীরা।

Related Articles