সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আধুনিক শিক্ষার ছোঁয়া, চালু হল স্মার্ট পঠনপাঠন
Touch of modern education in the remote areas of Sundarbans, smart reading has been launched

The Truth of Bengal: সুন্দরবনে আধুনিক শিক্ষার সূর্যোদয় হল।এবার প্রত্যন্ত গাঁয়ে চালু হল স্মার্ট ক্লাস। চক-ডাস্টারে পড়ানোর পদ্ধতিতে বদল আনতে বেছে নেওয়া হচ্ছে ডিজিটাল বোর্ড। জটিল পড়াশোনা সহজ ভাষায় মনের অন্দরে পৌঁছে দিতে তুলে ধরা হচ্ছে বিশেষ প্রেজেন্টেশন। কাকদ্বীপের রামগোপালপুরের সেই ডিজিটাল ক্লাস এখন পড়ুয়াদের স্কুলে বেশি করে টেনে আনছে। বদলাচ্ছে যুগ,বদলে যাচ্ছে পঠনপাঠনের পদ্ধতি। ব্ল্যাকবোর্ড,চক-ডাস্টারের ব্যবহার কমিয়ে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের চল বাড়ছে।
এখন শিক্ষাঙ্গনের শোভা বাড়ায় কম্পিউটার, প্রজেক্টর, প্রিন্টার বা সাউন্ডসিস্টেমের মত অত্যাধুনিক জিনিসপত্র।পড়ুয়াদের জটিল-কঠিন পড়াশোনার ভাষা সহজ করে মনের অন্দরে ছাপ ফেলার নতুন নতুন কৌশল নিচ্ছে স্কুল শিক্ষা দফতর। প্রথাগত পদ্ধতির পরিবর্তন করে ডিজিটাল পড়াশোনায় ধ্যান দিচ্ছে সুন্দরবনের স্কুলগুলো। হিঙ্গলগঞ্জের কনকনগরের সৃষ্টিধর ইন্সটিউটের মতোই এবার সুন্দরবনের কাকদ্বীপের রামগোপালপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানও অডি-ভিস্যুয়াল স্মার্ট ক্লাসের পথেই হাঁটতে এগিয়ে এল। রামগোপালপুরে এই প্রথম গড়ে উঠেছে ডিজিটাল স্কুল। স্কুলের পরিবেশ নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে স্কুলের চারিদিকে গাছ লাগানো সহ নানান প্রস্তুতি শুরু হয়েছে।নতুন প্রজন্মের পড়ুয়া বা ফার্স্ট জেনারেশন লার্নার থেকে পুরনো পড়ুয়া সবাই শিক্ষাঙ্গনে আসছেন,শুধুই এই ডিজিটাল ক্লাসের টান
পিছিয়ে পড়া এলাকার এই স্কুলে এখন আধুনিক শিক্ষার নতুন করে সূর্যোদয় হচ্ছে বলা যায়। কম্পিউটার-ল্যাপটপের মাধ্যমে শিক্ষা দেওয়ার ফলে পড়ুয়ারা নতুন নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছেন। কার্যতঃ এভাবেই বিশ্ব পর্যটনের অন্যতম এই প্রাণকেন্দ্রে এখন শিক্ষার পাঠভ্যাসে যে বদল আসছে তা এই নতুন নতুন নজির জানান দিচ্ছে।ডিজিটাল মেশিনের দ্বারা ছাত্র-ছাত্রীদের attendance এর ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল মেশিনে আই কার্ড ছোঁয়ালে তবেই উপস্থিতি জানা যাচ্ছে,এমনকি এই ডিজিটাল মেশিনের সাহায্যে ছাত্র-ছাত্রীরা স্কুল শেষে স্কুল কটায় বেরিয়েছে সেই মেসেজ ও পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সার্বিক শিক্ষার প্রসারে এই ধরণের সিদ্ধান্ত খুব যুগোপযোগী বলে মনে করছেন। স্কুলের পাশেই ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি হচ্ছে পার্ক। স্কুলের সিঁড়ি এবং দেওয়াল জুড়ে বিভিন্ন মনিষীদের ছবি সহ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ফুটিয়ে তোলা হয়েছে।এভাবে আসলে মনের খোরাক তৈরি করে পড়ুয়াদের শিক্ষাঙ্গনমুখী করার ভাবনা সবমহলের কাছে আলাদা নজর কাড়ছে।






