১৬ নং জাতীয় সড়কে তিনটি পৃথক পথ দুর্ঘটনা, মৃত ৩
Three separate road accidents on National Highway No. 16, 3 dead
Truth Of Bengal: পৃথক ৩ পথ দুর্ঘটনা, মৃত ৩। প্রথমটির ঘটনাস্থল ১৬ নং জাতীয় সড়কের বাগনানের কাছারিপাড়ার ফ্লাইওভার, দ্বিতীয় এবং তৃতীয়টির ঘটনাস্থল ওই জাতীয় সড়কেরই উলুবেড়িয়ার বীরশিবপুর। এই তিনটি দুর্ঘটনায় তিনটি গাড়ির তিনজন চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, ভোরে কোলাঘাট থেকে লোহার পাত বোঝাই একটি লরি কলকাতা অভিমুখে রওনা হয়। বাগনান থানার কাছারিপাড়ার কাছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে লরিতে থাকা লোহার পাতে পিষ্ট হয়ে চালকের মৃত্যু হয়। মৃতের নাম নাম সুনীল গৌড় (৩৭)। বাড়ি উত্তরপ্রদেশের আম্বেদকরনগরে। এদিন লোহার পাত বোঝাই ওই লরিটি দ্রুতগতিতে কলকাতার দিকে যাচ্ছিল। বাগনান কাছারি পাড়ার ফ্লাইওভারে নামার মুখে লরিটির পিছনে থাকা পাতগুলি আলগা হয়ে হুড়মুড়িয়ে সামনের দিকে চলে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ও পোস্টে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার বীরশিবপুরের কাছে। জানা গেছে, একটি লরির চাকা ফেটে গেলে গাড়িটি রাস্তার মাঝে দাঁড়িয়ে যায়। সেই সময় লরির পিছনে থাকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পিছনে ধাক্কা মারলে ওই ডাম্পার চালকের মৃত্যু হয়।
দ্বিতীয় ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় ঘটনার সূত্রপাত। দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়িকে রাস্তা থেকে সরানোর সময় একই পথে আসা একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। মৃত্যু হয় ওই গাড়ির চালকেরও।
পুলিশ তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই পৃথক তিনটি পথ দুর্ঘটনার কারণে অবরুদ্ধ হয়ে পড়ে ১৬ নং জাতীয় সড়ক। যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।






