রাজ্যের খবর

দক্ষিণ দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের বিশেষ উদ্যোগ

বালুরঘাট কোর্ট কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে রথটির উদ্বোধন করেন জেলা জজ মানস বসু এবং এলডি জজ শারণ্য সেন প্রসাদ।

Truth Of Bengal:বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল ‘বাল্যবিবাহ মুক্ত রথ’-এর ধারাবাহিক উদ্বোধন ও প্রচার কর্মসূচি। সোমবার কালেক্টর বিল্ডিং প্রাঙ্গণ থেকে এই রথের যাত্রা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বালুরঘাট কোর্ট কমপ্লেক্স, জেলা পুলিশ দফতর, বালুরঘাট মিউনিসিপালিটি, বালুরঘাট থানা এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর প্রাঙ্গণে রথটির উদ্বোধন ও সচেতনতামূলক প্রচার চলে।
বালুরঘাট কোর্ট কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে রথটির উদ্বোধন করেন জেলা জজ মানস বসু এবং এলডি জজ শারণ্য সেন প্রসাদ।

বিভিন্ন পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম শুভজিৎ মণ্ডল, পুলিশ সুপার চিন্ময় মিতাল, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, ডিএসপি শাহজান হোসেন, সমাজকল্যাণ দফতরের ওসি দীপান্নিতা বর্মন, জেলা সমাজকল্যাণ আধিকারিক নীলাদ্রি মজুমদার এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস।অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের সামাজিক, আইনগত ও স্বাস্থ্যগত কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, অল্প বয়সে বিয়ে কিশোরী স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। এর সঙ্গে জড়িত মাতৃমৃত্যু, শিশু অপুষ্টি ও শিক্ষার ক্ষতির মতো গুরুতর সমস্যা। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের একযোগে লড়াইয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল গণস্বাক্ষর অভিযান। প্রতিটি উদ্বোধন ও প্রচারস্থলে বাল্যবিবাহের বিরুদ্ধে অঙ্গীকারপত্রে সাধারণ মানুষ, প্রশাসনিক আধিকারিক, আইনজীবী, পুলিশ কর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করেন। এর মাধ্যমে বাল্যবিবাহ রোধে সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয় সমাজের সর্বস্তরে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম দিনে রথটি বালুরঘাট মিউনিসিপালিটি ও বালুরঘাট থানা এলাকায় প্রচার চালায়। আগামী ৪ তারিখে এই রথ পৌঁছাবে হিলি থানা, হিলি বিএসএফ বিওপি, হিলি ব্লক, কুমারগঞ্জ থানা ও ব্লক এবং পাটিরাম থানা এলাকায়। ৫ তারিখে তপন থানা ও ব্লক, গঙ্গারামপুর থানা ও ব্লক এবং কুশমন্দি থানা ও ব্লক এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর কথা রয়েছে।

Related Articles