শুভেন্দুর মন্তব্যে ক্ষুব্ধ সুবোধ অধিকারী, দিলেন মানহানি মামলার হুঁশিয়ারি
শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এই হুঁশিয়ারিও দেন যে শুভেন্দু অধিকারী যদি ক্ষমা না চান, তাহলে মানহানি মামলা করা হবে।
Bangla Jago Desk: গারুলিয়ায় ছটপূজার অনুষ্ঠানে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের চরম বিরোধিতা করে ক্ষোভ উগড়ে দিলেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। তাঁর দাবি, নন্দীগ্রাম বিধায়ক বাঙালি-অবাঙালি বিভাজন করে নোংরা রাজনীতির চক্রান্ত করছেন এবং মিথ্যা অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এই হুঁশিয়ারিও দেন যে শুভেন্দু অধিকারী যদি ক্ষমা না চান, তাহলে মানহানি মামলা করা হবে।
সুবোধ অধিকারী বলেন, “ধর্ম যার যার উৎসব সবার, এটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বিধানসভা এলাকায় অংশগ্রহণ করি সমস্ত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই কথা মেনে। তারপরও শুভেন্দু অধিকারী আমাদের দলের বিরুদ্ধে বাঙালি-অবাঙালি ভেদাভেদের মিথ্যা অভিযোগ তুলেছেন। আসলে ওনার এই মন্তব্য মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টার জন্যই।” তিনি আরও বলেন, “আমার মা একজন হিন্দিভাষী অবাঙালি। আমার মা অপমানিত হয়েছেন শুভেন্দু অধিকারীর বক্তব্যে। তাই আমি মানহানি মামলা করব যদি উনি আগামী ৭ দিনের মধ্যে ক্ষমা না চান।”
উল্লেখ্য, শুক্রবার গারুলিয়ার আজাদ হিন্দ ময়দানে ছটপুজো উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলে বেড়ায় যে বিজেপি বিহার, ইউপির, হিন্দি বলা দল। কিন্তু বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি বলেছেন এক বিহারী, সো বিমারি। তখন অপমান করা হয় না বিহারীদের? এটা নিয়ে কি বক্তব্য পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, সুনীল সিংদের?” শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন যে তৃণমূল ধারাবাহিকভাবে মিথ্যা প্রচার করছে বিজেপিকে হিন্দিভাষীর দল বলে।


