কলকাতারাজ্যের খবর

দক্ষিণবঙ্গে গরমের ঝাঁজ, চলতি সপ্তাহেই মিলতে পারে স্বস্তি

South Bengal is gripped by heatwave, relief may come this week

Truth Of Bengal: বৃষ্টি ও রোদের টানাপোড়েনে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় চলছে প্রবল ওঠানামা। কলকাতা সহ একাধিক জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে সেই সঙ্গে বাড়ছে তাপমাত্রাও। একদিকে গরমের কষ্ট, অন্যদিকে হালকা ভিজে যাওয়ার অনুভূতি—এই দ্বৈত চিত্র নিয়েই সপ্তাহ শুরু করেছে রাজ্যবাসী।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার থেকে বুধবার পর্যন্ত শহরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতি বদলানোর ইঙ্গিত মিলেছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

কলকাতা, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে আজ দুপুরের দিকে লু-র মতো গরম হাওয়া বইতে পারে। এদিকে, বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে সামান্য বৃষ্টিতেও অস্বস্তি দূর না হয়ে বরং আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু, কিন্তু তা এখনও দুর্বল। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি অংশে অবশ্য উষ্ণ ও শুষ্ক বাতাসের দাপটে গরম আরও বাড়তে পারে।

সব মিলিয়ে রাজ্যজুড়ে তাপমাত্রা ও বৃষ্টির লুকোচুরি চলবে আরও কিছুদিন, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সতর্কতা জারি করা হয়েছে গরমের সময় বাইরে বেরনোর ক্ষেত্রে এবং আর্দ্রতাজনিত স্বাস্থ্য সমস্যা এড়াতে উপযুক্ত সাবধানতা নিতে বলা হয়েছে।

Related Articles