রাজ্যের খবর

‘জয় বাংলা’ শুনেই সপাটে চু*মু! তৃণমূল নেতাকে জাপটে ধরে এ কী কাণ্ড রুদ্রনীলের

নিমেষের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যা দেখে তাজ্জব রাজনৈতিক মহল।

Truth of Bengal: ভোটের উত্তাপে সরগরম বাংলা, আর তার মাঝেই হাওড়ার শিবপুরে ঘটে গেল এক বেনজির কাণ্ড। তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগান শুনে রেগে যাওয়া নয়, বরং হাসিমুখে পরিস্থিতি সামাল দিতে শাসকদলের শ্রমিক সংগঠনের নেতাকে জাপটে ধরে সপাটে চুমু খেলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। নিমেষের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যা দেখে তাজ্জব রাজনৈতিক মহল।

ঘটনাটি ঘটেছে শিবপুর বিধানসভা কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডের ডব্লু রোডে। বৃহস্পতিবার দুপুরে রুদ্রনীল ঘোষ যখন অনুগামীদের নিয়ে প্রচার সারছিলেন, ঠিক তখনই তাঁর সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন এক ব্যক্তি। তিনি আর কেউ নন, শিবপুর বিধানসভা কেন্দ্রের আইএনটিটিইউসি (INTTUC) সভাপতি শক্তি দেবনাথ। রুদ্রনীলকে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি দিতে থাকেন তিনি। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হওয়ার বদলে রুদ্রনীল হাসিমুখে এগিয়ে গিয়ে শক্তি দেবনাথকে জড়িয়ে ধরেন এবং তাঁর গালে চুমু খান।

তবে এই ‘চুমু’ বিতর্কে শুরু হয়েছে নতুন চাপানউতোর। শক্তি দেবনাথের দাবি, রুদ্রনীল মানসিকভাবে অসুস্থ হয়ে তাঁর সঙ্গে ধস্তাধস্তি করেছেন। তিনি বলেন, “উনি আমাকে জড়িয়ে ধরে ধস্তাধস্তি করেছেন, তাতে আমার জামা ছিঁড়ে গিয়েছে। উনি আমাকে ‘জয় ভারত’ বলতে জোর করেন। আমি পালটা বলি আপনাকেও ‘জয় বাংলা’ বলতে হবে। শেষমেশ উনি ‘জয় বাংলা’ বলতে বাধ্য হন। একজন সেলিব্রিটি হয়ে স্লোগান শুনে তেড়ে আসাটা কাম্য নয়।”

অন্যদিকে, গোটা বিষয়টিকে বেশ হালকাভাবেই দেখছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তিনি সপ্রতিভ ভঙ্গিতে বলেন, “এলাকার এক ভাই ‘জয় বাংলা’ বলেছিল। আমি তাঁকে ভালবাসা জানিয়ে জড়িয়ে ধরে চুমু খেয়েছি। এর বাইরে আর কিছু বলার নেই।” শিবপুরের ভূমিপুত্র রুদ্রনীলের এই অভিনব প্রচার কৌশল শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা কাজ দেয়, এখন সেটাই দেখার।