গঙ্গা নির্মল রাখার অঙ্গীকার, ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি ও রিষড়া পুরসভার উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা
ভারতবর্ষের প্রাণরেখা গঙ্গা নদীকে দূষণমুক্ত রাখা কেন জরুরি, সেই পাঠ দিতেই এই অভিনব উদ্যোগ।
তরুণ মুখোপাধ্যায়, হুগলি: গঙ্গাকে দূষণমুক্ত ও স্বচ্ছ রাখার অঙ্গীকার নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি। রিষড়া পুরসভার সহযোগিতায় শহরের বিভিন্ন ওয়ার্ড জুড়ে আয়োজিত হল দু’দিনের বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা। ফুটবল, ভলিবল থেকে শুরু করে হাডুডু ও জিমন্যাস্টিক- খেলার মাঠ থেকেই গঙ্গাকে ‘মা’ সম্বোধন করে তা পরিষ্কার রাখার বার্তা ছড়িয়ে দেওয়া হলো জনপদ ও শিল্পাঞ্চলে।
ভারতবর্ষের প্রাণরেখা গঙ্গা নদীকে দূষণমুক্ত রাখা কেন জরুরি, সেই পাঠ দিতেই এই অভিনব উদ্যোগ। ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটির আধিকারিক রিমা সামন্ত জানান, জেলাজুড়ে বিভিন্ন পুর এলাকায় এই কর্মসূচি চলছে। তাঁর কথায়, “গঙ্গা আমাদের প্রধান নদী। একে স্বচ্ছ রাখা আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য। সেই সচেতনতা বাড়াতেই আমরা খেলার মাঠকে বেছে নিয়েছি।”
দু’দিন ধরে রিষড়ার বিভিন্ন প্রান্তে খেলাধুলার আসর। প্রতিযোগিতার তালিকায় ছিল- ফুটবল, ভলিবল, খো-খো, হাডুডু, ব্যাডমিন্টন ও জিমন্যাস্টিক। সঙ্গে ছিল আকর্ষণীয় দড়ি টানাটানি প্রতিযোগিতা।
পুরো অনুষ্ঠানটি তদারকি করেন পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর অনুপম সানকি। প্রতিটি প্রতিযোগিতায় উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। তিনি উপস্থিত সাধারণ মানুষকে গঙ্গা পরিষ্কার রাখার অঙ্গীকার করার আহ্বান জানান।
প্রতিযোগিতা শেষে লেনিন মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার আধিকারিক তাপস ঘোষ, কাউন্সিলর মনোজ গোস্বামী, ঝুম্পা দাস সরকার, মনোজ সাউ এবং প্রাক্তন কাউন্সিলর শুভজিৎ সরকার সহ পুরসভার বিশিষ্ট ব্যক্তিবর্গ।




