বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, এক ধাক্কায় ৭ ডিগ্রি নামল পারদ
ফলে চৈত্র আসার আগেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আবারও হালকা ঠান্ডার আমেজ ফিরে এসেছে।
Truth Of Bengal: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার ভোরেই ভিজল তিলোত্তমা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই এক ধাক্কায় অনেকটা নামল তাপমাত্রার পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও, মঙ্গলবার বৃষ্টির ছোঁয়ায় তা কমে ২৩ ডিগ্রিতে দাঁড়িয়েছে। ফলে চৈত্র আসার আগেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আবারও হালকা ঠান্ডার আমেজ ফিরে এসেছে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি চললেও ভারী বৃষ্টির বা বড় কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে; বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের বাকি দিনগুলিতে আকাশ পরিষ্কার হয়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনের নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করেছে, যার ফলেই এই অসময়ের বৃষ্টি। মঙ্গলবার সারাদিন রোদের দেখা মেলা ভার, বরং মেঘলা আকাশ আর হালকা ঝিরিঝিরি বৃষ্টির আমেজেই কাটবে দিনটি।





