মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গাসাগরে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের
On the occasion of Maghi Purnima, Gangesagar is overflowing with pilgrims

The Truth Of Bengal : শনিবার থেকে মাঘী পূর্ণিমার পূণ্য লগ্নে পুণ্যার্থীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ সাগরদ্বীপ । কোথাও তিল ধারণের জায়গা নেই।বছরের এই সময়টায় পুণ্যস্নানে আসেন হাজার হাজার মানুষ। ভোরের আলো ফোটার আগে থেকে সাগরস্নান শুরু হয়ে গিয়েছে। স্নানের পর কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইনও পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য শৌচালয়, যাত্রীনিবাসের ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
শনিবার সারাদিনই পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে অতিরিক্ত ভেসেল ও কচুবেড়িয়া থেকে বেশি বাস চালানো হচ্ছে। আর এই তিথি উপলক্ষ্যে হরেকরকম দোকানি পসরা সাজিয়ে বসেছেন। পাশপাশি চলছে কেনাকাটাও। শুক্রবার রাত থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে হরিনাম সংকীর্তনের আয়োজন ও প্রসাদ বিতরণ চলছে।
পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে আরও দু’দিন ব্যাপী মেলা চলবে এবং তারা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে । এছাড়াও ৩ টি স্পিডবোর্ড নিয়ে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত সাগর থানা ও গঙ্গাসাগর উপকূল থানার পুলিশকর্মীরা নজরদারি রাখছে ।
Free Access






