রাজ্যের খবর

ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতক! অভিযুক্ত মহিলাকে হাতে-নাতে ধরল তৃণমূলের BLA টিম

শিশুটিকে ফেলে যাওয়া মহিলাকেও হাতেনাতে ধরে ফেলেন তাঁরা।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: মানবতার আর কতটা অবনতি হতে পারে! বালুরঘাটে সামনে এল হৃদয়বিদারক ঘটনা। নন্দ স্মৃতি প্রাইমারি স্কুলের সামনে ডাস্টবিনে ফেলে দেওয়া হল মাত্র ১২ দিনের এক ফুটফুটে নবজাতককে! স্থানীয় বাসিন্দারা দৃশ্য দেখে স্তম্ভিত। সৌভাগ্যক্রমে, ঠিক সেই সময় ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্প শেষ হয়েছে। ক্যাম্প সেরে বাড়ি ফেরার পথে পার্টির মহিলা সদস্যারা—রূপালি, মৌসুমি, সুকৃতি, ঘোরাই ও আরও অনেকের চোখে পড়ে ঘটনাটি। এক মুহূর্ত দেরি না করে তাঁরা ছুটে যান এবং ডাস্টবিন থেকে নবজাতকটিকে উদ্ধার করেন। পাশাপাশি, শিশুটিকে ফেলে যাওয়া মহিলাকেও হাতেনাতে ধরে ফেলেন তাঁরা।

ঘটনার খবর পেয়ে ওয়ার্ডের কাউন্সিলর মহেশ পারখ সঙ্গে সঙ্গে বালুরঘাট থানার আইসিকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটি ও অভিযুক্ত মহিলাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে নবজাতকটি নিরাপদে রয়েছে। বালুরঘাট হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।

এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করে কাউন্সিলর মহেশ পারখ। তিনি বলেন, “এমন ঘটনা সত্যিই আত্মাকে নাড়া দেয়। সমাজ হিসেবে আমরা কোন পথে যাচ্ছি?” তিনি আরও বলেন, “তবুও আমাদের টিমের প্রতি অন্তরের কৃতজ্ঞতা ও স্যালুট, আজ তাঁরা সত্যিই একটি জীবন বাঁচিয়েছেন। এই কাজই আমাদের আদর্শের প্রতিফলন।”

Related Articles