এবার বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই হানা, সোমবারও বেশ কয়েকটি জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান
তল্লাশি চালানো হয় ডায়মন্ডহারবারের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা হালদারের বাড়িতেও

The Truth of Bengal: রবিবার সাতসকালেই রাজ্যের প্রায় ১২টি জায়গায় ম্যারাথন অভিযানে নামে সিবিআই। টানা জিজ্ঞাসাবাদ করা হয়, মেয়র ফিরহাদ হাকিম এবং তৃণমূল বিদায়ক মদন মিত্রকেও। সোমবার ফের একদফা অভিযানে নামল সিবিআই। সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের অফিসেও যান সিবিআই আধিকারিকরা।
সূত্রের খবর, আদালতের নির্দেশের পরেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় কোমর বেঁধে নেমেছে সিবিআই। রবিবার ১২টি জায়গায় অভিযান চালানোর পর, সোমবারও একাধিক জায়গায় অভিযান চালানো হয়। বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের অফিসের পাশাপাশি, ডায়মন্ডহারবার ও উলুবেড়িয়াতেও হানা দিয়েছে সিবিআই। ডায়মন্ডহারবারের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা হালদারের বাড়িতে তল্লাশি চালানো হয়। একই সঙ্গে উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও চলছে তল্লাশি। জানা গিয়েছে, রানাঘাট পুরসভা সিল করে দিয়েছে সিবিআই।
সূত্রের খবর, সোমবারও যে সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছে, সবকটি পুরসভা নিয়োগ সংক্রান্ত মামলায়। তবে সোমবরারে সিবিআই হানায় সবচেয়ে বেশি যেটি চর্চায় উঠে এসেছে, তা হল বিজেপির বিধায়কের অফিসে সিবিআই হানা। প্রসঙ্গত বলে রাখা ভালো, তিনি রানাঘাট পুরসভার চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালের জানুয়ারি মাসে তাঁকে ওই জেলায় সভাপতির পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। তারপরই তিনি বিজেপিতে যোগ দেন।





