দেশরাজ্যের খবর

বঙ্গ সফরে একসঙ্গে মোদি-রাজনাথ-ডোভাল! কেন এই সফর?

তাঁর সঙ্গে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Truth Of Bengal: পুজোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এবার সেই সফর নিশ্চিত হয়েছে। তবে এটি রাজনৈতিক কর্মসূচি নয়। আগামী সপ্তাহে কলকাতায় সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী।

তাঁর সঙ্গে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। একই দিনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও কলকাতায় উপস্থিত থাকবেন। তিনজনই ফোর্ট উইলিয়ামে সেনার অনুষ্ঠানে যোগ দেবেন। অপারেশন ‘সিঁদুর’-এর পর এ রাজ্যে মোদি, ডোভাল ও রাজনাথের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নেপাল এখন সরকারবিরোধী আন্দোলনে উত্তাল। এদিকে এসসিও সম্মেলনে ভারত-চিন বৈঠকের পর চিন সীমান্তে অনেকটা স্থিতি ফিরলেও উত্তরপূর্বের সীমান্ত সুরক্ষায় নজর রাখছে কেন্দ্র।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হবে যৌথবাহিনীর কমান্ডারদের সম্মেলন (Combined Commanders’ Conference)। এই সম্মেলনে যোগ দিতেই ১৫ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কলকাতা আসার কথা রয়েছে।

ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, সোমবারের অনুষ্ঠানে মোদি, রাজনাথ ও ডোভালের পাশাপাশি উপস্থিত থাকবেন সেনা সর্বাধিনায়ক (CDS) জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। সেনাবাহিনীর সঙ্গে আলাদা বৈঠকও হতে পারে। উত্তরপূর্বের সীমান্ত সুরক্ষা নিয়ে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে সেদিন প্রধানমন্ত্রীর কোনও রাজনৈতিক কর্মসূচি থাকছে না।

Related Articles