রাজ্যের খবর

বাঙালিদের ঘরছাড়া করে বাংলাকে তিন টুকরো করার ছক বিজেপির: মমতা

বিজেপিকে ‘মিথ্যা কথার কারখানা’ এবং ‘দু’মুখো সাপ’ বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী

Truth of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে বঙ্গ রাজনীতিতে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ‘মিথ্যা কথার কারখানা’ এবং ‘দু’মুখো সাপ’ বলে আক্রমণ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, গেরুয়া শিবিরের আসল লক্ষ্য হলো ডিলিমিটেশনের নামে বাংলাকে তিন টুকরো করে দেওয়া। একইসঙ্গে ভোটগণনার দিন দলীয় কর্মীদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, বিজেপি আসলে মানুষের যন্ত্রণা।

নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তুলোধোনা করে মমতা বলেন, “বিজেপির প্ল্যান হলো এনআরসি করবে। এরপর ডিলিমিটেশন করে বাংলাকে তিন টুকরো করে দেবে। এরা বাংলা ভাষায় কথা বললে বিহার, ওড়িশায় অত্যাচার করে।” বিজেপিকে কড়া আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, “বিজেপি হলো দু’মুখো সাপ। নির্বাচনের সময় একটা ছোবল দেয়, আর নির্বাচনের পর আর একটা ছোবল দেয়। যদি ছোবল খেতে না হয়, তবে তৃণমূলকে ভোট দিন।”

এদিন গণনার দিন নিয়ে দলীয় এজেন্টদের বিশেষ পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী। কারচুপির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “সকাল থেকে স্লো কাউন্টিং করে খবর রটাবে। বিজেপির সিটগুলো আগে দেখাবে, আপনাদেরগুলো পরে- যাতে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান আর ওরা ভোট দখল করতে পারে। কাউন্টিংয়ের রেজ়াল্ট হাতে না নিয়ে কেউ বেরোবেন না।”

বিজেপির নীতিকে ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করে মমতা বলেন, ওরা মানুষের যন্ত্রণা এবং বাংলাকে বঞ্চনা করাই ওদের কাজ। দিল্লির ‘জমিদার ও জোতদারদের’ হাত থেকে বাংলাকে রক্ষা করতে তৃণমূলকেই একমাত্র ভরসা হিসেবে তুলে ধরেন তিনি। তাঁর সাফ বার্তা, “জল্লাদ আর ধর্ষণকারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। তৃণমূলকে একটা ভোট দেবেন, আর ভোটের মাধ্যমেই ওদের সব অন্যায়ের বদলা নেবেন।”

Related Articles