
The Truth of Bengal: মালদা জেলার কালিয়াচক থানার বিরনগর এক গ্রাম পঞ্চায়েতের হাতি চাঁপা গ্রামে গত রাতে পঞ্চায়েত নির্বাচনের জের ধরে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর ও ডান কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে।
জানা গেছে, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম খালেক সেখ। তিনি ওই গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি। অভিযোগ, গত পঞ্চায়েত ভোটের সময় থেকেই তাকে কংগ্রেসে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছিল। তিনি কংগ্রেসে যোগ না দিয়ে এবং ভোট প্রচার না করায় তাকে হুমকি দেওয়া হচ্ছিল প্রাণে মেরে ফেলার।
গতকাল রাতে খালেক সেখ তার বাড়ির পাশেই বসেছিলেন। তখন কয়েকজন কংগ্রেস কর্মী এসে তাকে বেধড়ক মারধর করে এবং ডান কান কেটে নেয় বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।






