দেশি-বিদেশি ভক্তদের সমাগমে ইসকন মায়াপুরে পালিত হল চিঁড়া-দধি মহোৎসব
শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা এলাকা থেকে ভক্তরা এই মহোৎসবে যোগ দিতে মায়াপুরে পৌঁছন।
Truth of Bengal: আষাঢ় মাসের আবহে, প্রভু জগন্নাথদেবের রথযাত্রার প্রাক্কালে ভক্তিমুখর পরিবেশে পালিত হল পানিহাটি চিঁড়া-দধি মহোৎসব। শনিবার থেকে ইসকন মায়াপুর-এ শুরু হওয়া এই বিশেষ উৎসবে দেশি-বিদেশি ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। শ্রীচৈতন্য মহাপ্রভু-র স্মৃতিবিজড়িত মায়াপুরে সারা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে। তবে বিশেষ তিথি ও ধর্মীয় উৎসবগুলিতে সেই ভিড় আরও কয়েকগুণ বেড়ে যায়। পানিহাটি চিঁড়া-দধি মহোৎসবও তেমনই এক গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, যা ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা এলাকা থেকে ভক্তরা এই মহোৎসবে যোগ দিতে মায়াপুরে পৌঁছন। পাশাপাশি, বিদেশ থেকেও বহু ভক্ত এই উৎসবে অংশ নেন। আষাঢ়ের মেঘলা আকাশ ও মাঝেমধ্যে বৃষ্টিকে উপেক্ষা করেই ভক্তদের ঢল নামে ইসকনের চন্দ্রোদয় মন্দির চত্বরে। উৎসব উপলক্ষে আগত ভক্তদের জন্য ইসকন কর্তৃপক্ষের তরফে প্রসাদ বিতরণ, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার বিশেষ ব্যবস্থা করা হয়। সারা বছর ধরেই বিভিন্ন ধর্মীয় আচার ও সনাতনী রীতিনীতি মেনে নানা উৎসবের আয়োজন করা হলেও পানিহাটি চিঁড়া-দধি মহোৎসবের গুরুত্ব আলাদা বলেই মনে করেন ভক্তরা।
এ প্রসঙ্গে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, এই উৎসব শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমের শৃঙ্খলে সকলকে আবদ্ধ করে। জ্ঞান, ভক্তি ও প্রেমের বার্তা বহন করে এই মহোৎসব, যা ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামনেই রথযাত্রা উৎসব। তার আগে পানিহাটি চিঁড়া-দধি মহোৎসবকে ঘিরে ভক্তিময় পরিবেশে সেজে উঠেছে মায়াপুর। ভক্তদের উপস্থিতিতে উৎসবের আবহ আরও উজ্জ্বল হয়ে উঠেছে।






