কলকাতারাজ্যের খবর

ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার দাপট! উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা, দক্ষিণেও ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার কলকাতায় বড় কোনও দুর্যোগের পূর্বাভাস না থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Truth of Bengal: বর্ষার মাঝেই সক্রিয় হয়ে উঠেছে ঘূর্ণাবর্ত ও একাধিক নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় প্রতিদিনই দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে বর্ষাকালীন অক্ষরেখাটি রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ওপর দিয়ে বিস্তৃত হয়ে মণিপুর পর্যন্ত পৌঁছেছে। এছাড়াও পশ্চিম রাজস্থান থেকে সিকিম পর্যন্ত আরও একটি অক্ষরেখা অবস্থান করছে। অন্যদিকে, বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় রাজ্যজুড়ে এই বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার কলকাতায় বড় কোনও দুর্যোগের পূর্বাভাস না থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার ও বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে সমুদ্র আপাতত শান্ত থাকায় মৎস্যজীবীদের প্রতি বিশেষ কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতলের জেলাগুলিতে আগামী কয়েক দিন প্রবল দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দুই দিনাজপুর ও মালদাহেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিন রাজ্যজুড়েই বজায় থাকবে বৃষ্টির এমন আবহাওয়া।

Related Articles