রাজ্যের খবর

নদিয়ার জোড়া খু*নের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক মহল

এই মর্মান্তিক ঘটনার পেছনে রাজনৈতিক আক্রোশ ও চক্রান্তের অভিযোগ তুলেছেন নিহতের পরিবার।

Truth of Bengal: স্বাধীনতা দিবসের রাতেই রক্তস্নাত হলো নদিয়া। দুষ্কৃতীদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন প্রবীণ কংগ্রেস নেতা এবং তাঁর আইনপড়ুয়া ছেলে। মৃতদের নাম আনিসুর রহমান ও আবু সুফিয়ান। আনিসুর রহমান প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, নদিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন। অন্যদিকে তাঁর ছেলে আবু সুফিয়ানও সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি কল্যাণী থেকে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। স্বাধীনতা দিবসের রাতে এই নৃশংস জোড়া খুনের ঘটনায় সমগ্র জেলা জুড়েই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় বেথুয়াডহরি থেকে গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান ও তাঁর ছেলে। সেই সময় নাগাদি রেলগেটের কাছে পৌঁছতেই একদল দুষ্কৃতী তাঁদের গাড়িটি ঘিরে ফেলে হামলা চালায়। দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি চালায়। এর পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ তড়িঘড়ি পৌঁছে ঘটনাস্থল থেকে রক্তভেজা দেহ দুটি উদ্ধার করে।

এই মর্মান্তিক ঘটনার পেছনে রাজনৈতিক আক্রোশ ও চক্রান্তের অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। পরিবারের দাবি, স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁর অনুগামীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে। তবে সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে এবং মৃত্যুর পেছনে ঠিক কী কারণ রয়েছে তা স্পষ্ট করতে নাকাশিপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে।

Related Articles