আধ ঘন্টায় শেষ শুনানি, আরজি কর মামলার পরবর্তী শুনানির তারিখ ঘোষণা বিচারপতির
Hearing ends in half an hour, judge announces next hearing date in RG Kar case
Truth Of Bengal: সুপ্রিম কোর্টে একাধিকবার পিছিয়ে গিয়েছিল তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার শুনানি। অবশেষে বৃহস্পতিবার দুপুর ২টোর পর এই মামলার শুনানি শুরু হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। আধঘণ্টার মধ্যেই প্রধান বিচারপতি বিষয়টি সংবেদনশীল বিবেচনা করে শুনানি শেষ করেন।
বিচারপতিরা জানান, মামলাটি এখনই প্রকাশ্যে আলোচনার মতো নয়। শিয়ালদহ আদালতে ইতিমধ্যে চার্জ গঠন সম্পন্ন হয়েছে এবং আগামী ১১ নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। সেই দিন সুপ্রিম কোর্টও ফের এই মামলার শুনানি করবে।
এদিন সুপ্রিম কোর্টে সিবিআই তরফে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় এবং জাতীয় টাস্ক ফোর্স সম্পর্কেও কেন্দ্রের পক্ষ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টগুলিতে দেখা গিয়েছে বহু দুর্নীতির প্রমাণ, যা সিবিআই খতিয়ে দেখছে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় নির্দেশ দিয়েছেন, চার সপ্তাহের মধ্যে সিবিআই-কে পরবর্তী রিপোর্ট জমা দিতে হবে।
তবে বৃহস্পতিবার শুনানিতে উপস্থিত থাকতে পারেননি সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বল দ্রুত মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন জানান। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।






