রাজ্যের খবর

Giant Crocodile: ফের পাথরপ্রতিমার পুকুর থেকে উদ্ধার বিশালাকার কুমির

আশ্চর্যের বিষয়, ঠিক এক মাস আগেই একই পুকুর থেকে ধরা পড়েছিল আরও একটি স্ত্রী কুমির, যার কাছ থেকে উদ্ধার হয়েছিল ৪০টি কুমিরের ডিম।

Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকায় ফের দেখা মিলল কুমিরের। জানা গিয়েছে ব্রজবল্লভপুরের ছোট রাক্ষসখালি গ্রামের এক পুকুরে বড়সড় একটি স্ত্রী কুমির ধরা পড়েছে বনদফতরের জালে। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। আশ্চর্যের বিষয়, ঠিক এক মাস আগেই একই পুকুর থেকে ধরা পড়েছিল আরও একটি স্ত্রী কুমির (Giant Crocodile), যার কাছ থেকে উদ্ধার হয়েছিল ৪০টি কুমিরের ডিম। এই প্রসঙ্গে স্থানীয় কৃষক হরিহর বেরা জানান, সোমবার বিকেলে কয়েকজন গ্রামের মানুষ তাঁর পুকুরে হাত-পা ধুতে নামেন। সেই সময় পুকুরে একটি কুমিরকে ভেসে থাকতে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন তাঁরা। খবর দেওয়া হয় বনদফতরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পাথরপ্রতিমার রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। ঘণ্টাখানেকের চেষ্টায় সন্ধ্যার দিকে জাল দিয়ে কুমিরটিকে আটক করতে সফল হন তাঁরা।

[আরও পড়ুনঃ Howrah Bridge Bribery: তোলাবাজির সময় হাতেনাতে ধরা পড়ল এএসআই ও কনস্টেবল, তারপর…]

এক মাসে পরপর দু’বার একই পুকুরে কুমির ধরা পড়ায় প্রবল আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠছে—একই কুমিরই কি ফের ফিরে এল পুকুরে? বনদফতরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। রামগঙ্গা রেঞ্জের ফরেস্ট অফিসার কবীর হোসেন জানান, এই কুমিরটিও স্ত্রী এবং দৈর্ঘ্যে এক মাস আগে ধরা পড়া কুমিরটির সমান। গতবারের কুমিরটিকে কলস দ্বীপের নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল। আমাদের অনুমান, ডিমের টানেই সেই কুমিরটি পথ চিনে ফের ফিরে এসেছে পুকুরে। তিনি আরও জানান, সোমবার ধরা পড়া কুমিরটিকে আপাতত বনদফতরের ক্যাম্পে রাখা হয়েছে। পর্যবেক্ষণের পর মঙ্গলবার তাকে ফের কলস দ্বীপের অন্য প্রান্তে অথবা চুলকাটির জঙ্গলের দিকে নিয়ে গিয়ে নদীতে ছেড়ে দেওয়া হবে।(Giant Crocodile)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

উল্লেখ্য, ১ জুন একই পুকুর থেকে একটি স্ত্রী কুমির ধরা পড়েছিল। সেই সময় পুকুরপাড়ে পাওয়া গিয়েছিল ৪০টি কুমিরের ডিম। তখনও তাকে নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল।ঘটনার পর থেকে এলাকায় তৈরি হয়েছে ভয় এবং উৎকণ্ঠা। কেউ কেউ দাবি করছেন, এলাকার নদী ও খাল থেকে পুকুরে কুমির চলে আসছে। আবার অনেকে বলছেন, একাধিক কুমির রয়েছে আশেপাশের অঞ্চলে। বনদফতরের তরফে এলাকায় নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, স্থানীয়দেরও পুকুরে নামার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আধিকারিকেরা। একই পুকুরে পরপর দু’বার কুমিরের হানা এলাকায় বিরল হলেও, প্রকৃতির নিয়মেই ঘটছে এমন ঘটনা বলেই মত বনকর্মীদের। তবে আচমকাই পুকুরে কুমির দেখতে পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

Related Articles