রাজ্যের খবর

কলেজ ক্যাম্পাসের বাইরেই গণধর্ষণ! দুর্গাপুর কাণ্ডে গ্রেফতার ৩

খনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, প্রশাসনের সক্রিয় তৎপরতায় ঘটনায় অগ্রগতি দেখা যাচ্ছে।

Truth Of Bengal: দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে তিনজন স্থানীয় যুবককে আটক করেছে পুলিশ। এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, প্রশাসনের সক্রিয় তৎপরতায় ঘটনায় অগ্রগতি দেখা যাচ্ছে।

সূত্রের খবর, গত শুক্রবার রাতে ওই ছাত্রী তাঁর এক সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ছিলেন। রাত আনুমানিক ৯টা নাগাদ, পাঁচ যুবক তাঁদের পথ আটকায়। অভিযোগ, ওই ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁর উপর শারীরিক নিগ্রহ চালানো হয়।

নির্যাতিতার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল বলেও অভিযোগ। পুলিশ সেই মোবাইলের লোকেশন ট্র্যাক করে অভিযুক্তদের খোঁজ শুরু করে এবং শনিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তদন্তে সহায়তা করতে ছাত্রীটির সঙ্গে থাকা সহপাঠী ছাত্রকেও পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি।

রবিবার সকালে দুর্গাপুর থানার ওসি, নিউ টাউনশিপ থানার ওসি-সহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিক ঘটনাস্থলে যান। সম্ভাব্য লুকিয়ে থাকা অভিযুক্তদের খুঁজতে ড্রোনের সাহায্যে তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, আটক তিনজন স্থানীয় বাসিন্দা এবং তাঁদের ভূমিকা তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে।

নির্যাতিতার পরিবারের দাবি, যাঁর সঙ্গে ওই ছাত্রী ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন, তাঁর ভূমিকাও সন্দেহজনক। পুলিশ সেই বিষয়টিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ মুখ খোলেনি। তবে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে ক্যাম্পাস জুড়ে। তদন্ত এগোচ্ছে, বাকিদের খোঁজে তল্লাশি অব্যাহত।

Related Articles