রাজ্যের খবর

শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠানে হাতাহাতি, রণক্ষেত্র বিশ্বভারতী

Clashes, battlefields at Shyama Prasad Research Foundation event Vishwa Bharati

Truth Of Bengal: বিশ্বভারতী চত্বরে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে শনিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি নেতা এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বান গঙ্গোপাধ্যায় অনুষ্ঠানে যোগ দিতে এলে বাম ছাত্র সংগঠনের সদস্যরা তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ থামাতে নিরাপত্তারক্ষীরা এগিয়ে এলে ছাত্রদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

সাতটি ভাষা সম্প্রতি ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। সেই উপলক্ষে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশন বিশ্বভারতীতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। ছাত্ররা দাবি করেন, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে এই অনুষ্ঠান হওয়া উচিত ছিল, কোনও রাজনৈতিক সংস্থার মাধ্যমে নয়।

বিক্ষোভকারীদের স্পষ্ট কথা, “আমরা চাই না রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিজেপি বা আরএসএসের রাজনীতির জায়গা হয়ে উঠুক। বিশ্বভারতীর সংস্কৃতি এবং ঐতিহ্য বজায় রাখাই আমাদের উদ্দেশ্য।” বিক্ষোভকারীদের থামাতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ছাত্ররা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হয়।

এই ঘটনা ঘিরে বিশ্বভারতীর পড়ুয়া এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পড়ুয়ারা তাঁদের প্রতিবাদে অনড় থাকলেও শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।বিশ্বভারতীর মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এই ধরনের সংঘর্ষ ভবিষ্যতে কীভাবে এড়ানো যায়, তা নিয়ে প্রশ্ন উঠছে।