পড়ুয়াদের জন্য প্রাতরাশের উদ্যোগ দুই শিক্ষক ও চিকিৎসকের
students breakfast in the school hall

The Truth of Bengal: স্কুলে মিড ডে মিল চালু আছে। সেখানে সরকারি বরাদ্দ খাবার পাচ্ছে পড়ুয়ারা। কিন্তু তার বাইরেও এক অভিনব ব্যতিক্রমী প্রয়াস বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ স্কুলে। স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতিদিন দেওয়া হবে প্রাতরাশ অর্থাৎ ব্রেকফাস্ট। থাকবে পুষ্টিকর খাবার। দুই শিক্ষক এক চিকিৎসক নিজেদের উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতিদিন প্রাতরাশের ব্যবস্থা করলেন। পড়ুয়াদের জন্য এই ব্যবস্থা করতে বছরে প্রায় তিন লক্ষাধিক টাকা খরচ হবে। সেই খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন ওই তিনজন।
স্কুলের প্রধান শিক্ষক পলাশ চৌধুরি, শিক্ষিকা লাবণ্য রায় এবং প্রধান শিক্ষকের বন্ধু বিশিষ্ট চিকিৎসক রাসবিহারী ধানি সেই খরচের পুরোটাই জোগাবেন। আর্থিক ভাবে পিছিয়ে থাকা এলাকার পড়ুয়ারা সকালে অনেকই না খেয়ে স্কুলে চলে আসে। তাতে শারীরিক ভাবে অনেক সমস্যা তৈরি হতো। সেই বিষয়টি লক্ষ্য করেই এই অভিনব ভাবনা আসে প্রধান শিক্ষকের মাথায়। এই কর্মসূচিতে আর্থিক সাহায্য করার জন্য এগিয়ে আসেন স্কুলেরই আর একসহ শিক্ষিকা লাবণ্য রায়। আর্থিক সহযোগিতা করতে অঙ্গীকার করেন প্রধান শিক্ষকের বন্ধু চিকিৎসক রাসবিহারী ধানি।
প্রধান শিক্ষক জানিয়েছেন, এই প্রকল্প কোনওদিন বন্ধ হবে না। প্রতিবছরের খরচ বছরের প্রথমেই তারা বিশেষ ফান্ডে জমা করে দেবেন। সেখান থেকেই এই খরচ জোগানো হবে। মিড ডে মিলের মতো প্রতিদিন এই খাবার স্বাস্থ্য বিধি মেনে স্কুলের পড়ুয়ারাই পরিবেশন করবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘সকালের পুষ্টি, সকলের পুষ্টি। দুই শিক্ষক ও এক চিকিৎসকের এমন আন্তরিক প্রয়াসে চালু হওয়া এই আর কোথাও আছে বলে মনে হয় না। উদ্যোক্তাদের তারিফ করছেন অভিভাবকদের পাশাপাশি এলাকার মানুষ।






