ফেব্রুয়ারির শেষে আবহাওয়ার নাটকীয় মোড়, ফাল্গুনের শুরুতেই কী ভিজতে চলেছে বাংলা
আগামী সপ্তাহে ভিজতে পারে দুই বঙ্গের একাংশ
Truth of Bengal: ফেব্রুয়ারির শেষ প্রহরে এসে শীত যেন চুপিচুপি গুটিয়ে নিচ্ছে তার আসর। লেপ-কম্বল ভাঁজ করে তুলে রাখার তোড়জোড় যখন শুরু, ঠিক তখনই আবহাওয়ার মেজাজে নতুন বাঁক। একদিকে বাড়ছে তাপমাত্রার পারদ, অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে—বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যা দ্রুত নিম্নচাপে রূপ নিতে পারে। আর তার প্রভাবেই আগামী সপ্তাহে ভিজতে পারে দুই বঙ্গের একাংশ।
আবহাওয়াবিদদের ব্যাখ্যা, সমুদ্রের বুকে তৈরি এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সরাসরি বড়সড় প্রভাবের আশঙ্কা নেই, তবে এর জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। ফলে ভারী বর্ষণ না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বিভিন্ন জেলা। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে সোমবার থেকেই পরিস্থিতির বদল—দক্ষিণবঙ্গের অন্তত চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে হালকা কুয়াশার উপস্থিতিও কিছুদিন টিকে থাকবে।
উত্তরবঙ্গেও ছবিটা আলাদা নয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর-এ ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। সোমবার থেকে সেখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে অনেকের মনে প্রশ্ন—বৃষ্টির হাত ধরে কি শীত ফিরবে? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেই আশায় জল ঢালাই ভালো। বরং আগামী কয়েক দিনে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ বৃষ্টি হলেও শীতের জাঁক আর ফিরবে না—বরং বসন্তের দোরগোড়ায় গরমের ইঙ্গিতই স্পষ্ট হয়ে উঠছে।






