জুতো খুলে ঢুকতে হবে কেন্দ্রে! SSC পরীক্ষায় জালিয়াতি রুখতে নজিরবিহীন কড়াকড়ি
পা ঢাকা জুতো পরে আসলে পরীক্ষা কেন্দ্রের বাইরে তা খুলে খালি পায়ে ঢুকতে হবে।
Truth of Bengal: আগামী ১ ও ৮ মার্চ গ্রুপ সি ও গ্রুপ ডি’র নিয়োগের পরীক্ষার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে ও নিরাপত্তার খাতিরে নিয়মের কড়াকড়ি আরোপ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার দিন পা ঢাকা জুতো পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। পরতে হবে হাওয়াই চটি। পা ঢাকা জুতো পরে আসলে পরীক্ষা কেন্দ্রের বাইরে তা খুলে খালি পায়ে ঢুকতে হবে।
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল ফোন, স্মার্টফোন, ক্যালকুলেটর, ঘড়ি, বৈদ্যুতিন যন্ত্র নিয়ে ঢোকা যাবে না। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। কোনো পরীক্ষার্থীর সঙ্গে নিষিদ্ধ বস্তু পাওয়া গেলে পরীক্ষা সঙ্গে সঙ্গে বাতিল করা হবে। স্বচ্ছ নীল ও কালো রঙের বল পেনে লেখা যাবে ওএমআর শিটে। স্বচ্ছ জলের বোতল আনা যাবে। গয়নাগাটি বা ধাতব বস্তু নির্দিষ্ট ঘরে জমা রেখে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে।
পরীক্ষা কেন্দ্রে অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পরীক্ষার দিন সকাল ১০টা থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা ঢুকতে পারবেন। বেলা পৌনে ১২টা পর্যন্ত প্রবেশপথ খোলা থাকবে। সর্বাধিক ১২টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে। পরীক্ষা শেষ হওয়া না পর্যন্ত বেরোনো যাবে না।






