Truth Of Bengal: নির্বাচনমুখী পশ্চিমবঙ্গে রাজনৈতিক পারদ চড়িয়ে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে ভরা ‘চার্জশিট’ পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কলকাতায় এক ঝটিকা সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশ, দুর্নীতি এবং রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের মতো গুরুতর ইস্যুগুলোকে হাতিয়ার করেন তিনি।
শাহের দাবি, বাংলার আসন্ন নির্বাচন কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, বরং দেশের সুরক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।অমিত শাহ তাঁর বক্তব্যে অনুপ্রবেশ ইস্যুটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি তুলনা টেনে বলেন যে অসমে বিজেপি ক্ষমতায় আসার পর অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে। তাঁর অভিযোগ, রাজ্যে অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং এর ফলে সীমান্তবর্তী এলাকাগুলোর জনবিন্যাস বদলে যাচ্ছে। এছাড়াও শিলিগুড়ি করিডোর দিয়ে জাল নোট প্রবেশের বিষয়টি উল্লেখ করে তিনি রাজ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দেগে শাহ বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন ধরনের রাজনৈতিক থিওরি তৈরি করেছেন যেখানে জনকল্যাণ নয়, বরং সিন্ডিকেটরাজ এবং ভ্রষ্টাচারই সরকারের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তাঁর কটাক্ষ, নির্বাচন এলেই মুখ্যমন্ত্রী ‘ভিক্টিম কার্ড’ খেলেন এবং কখনও পা ভাঙা বা মাথা ফাটার নাটক করে নির্বাচন কমিশনকে গালিগালাজ করেন। শাহের মতে, পশ্চিমবঙ্গ এখন কুশাসনের এক বড় প্রয়োগশালা হয়ে উঠেছে।
রাজ্যের নারী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়েও সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর জি কর হাসপাতাল, সন্দেশখালি, কামদুনি এবং কসবা ল কলেজের মতো একাধিক ঘটনার কথা উল্লেখ করে তিনি তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন। আর জি কর প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামীকেও বিঁধতে ছাড়েননি তিনি। শাহের দাবি, কেরল বা তামিলনাড়ুর মতো অবিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রশাসনিক কাজে সহযোগিতা থাকলেও বাংলা সব ক্ষেত্রে কেবল বিরোধিতার রাজনীতি করছে।
পরিশেষে উন্নত বাংলা গড়ার ডাক দিয়ে অমিত শাহ বলেন যে রাজ্যের মানুষ এখন ত্রস্ত হয়ে রয়েছে। বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তৃণমূল সরকারকে সমূলে উৎখাত করার আহ্বান জানান তিনি। বিজেপির এই চার্জশিট পেশকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।