রাজ্যের খবর

শিক্ষা প্রতিমন্ত্রীর উদ্যোগে রাস্তা নির্মাণে বরাদ্দ ১৩.৩২কোটি টাকা

13.32 crore taka allocated for road construction under the initiative of the State Minister of Education

Truth Of Bengal: সুবীর মুখোপাধ্যায়: অবশেষে উত্তর দিনাজপুরের হেমতাবাদে সড়ক সংস্কার এবং নির্মাণের সমস্যা মিটতে চলেছে। স্থানীয় বিধায়কের উদ্যোগে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে রাস্তা নির্মাণের জন্য ১৩.৩২কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্যে সরকার।

এলাকার লক্ষাধিক মানুষের সুবিধার্থে দীর্ঘ ১১ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ এখন জোর কদমে শুরু করতে চলেছেন জেলা প্রশাসনের কর্তারা। এলাকার বিধায়ক এবং শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের উদ্যোগে দীর্ঘদিন প্রতীক্ষার পর রাস্তা নির্মাণের উদ্যোগ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।

হেমতাবাদ ব্লকের প্রস্তাবিত সড়ক নির্মাণের টেন্ডারের কাজ শেষ হতেই কাজ শুরু হয়ে গেছে। এই কাজ শেষ হলে একদিকে যেমন একাধিক এলকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, অন্যদিকে স্কুল, কলেজ থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালের যাতায়াত সুবিধা হবে সাধারণ মানুষের। দক্ষিণ দিনাজপুরের হেমতাবাদ ব্লকে কাশিমপুর, বিষ্ণুপুর এলাকায় মোট ত্রিশটি গ্রাম আছে।

এই সমস্ত গ্রামে প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করে থাকেন। বীরগ্রাম, ভরতপুর, বিষ্ণুপুর, বহলা, মিলন, রসনপুর, পিরহাট, বহরিলা, সমসপুর দেহচি, করিমপুর প্রভৃতি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। আর এর ফলে এলাকার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন। হেমতাবাদ ব্লকের মালানে বিএস এফ বর্ডার আউট পোস্ট আছে, ভারত -বাংলাদেশ সীমান্তবর্তি এই এলাকায়। সেইদিক থেকে হেমতা ব্লকের এই সমস্ত অঞ্চল খুবই গুরুত্বপূর্ন।

এলাকার বিধায়ক সত্যজিৎ বর্মনের কথায়, এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, হেমতাবাদ ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের রাস্তা সংস্কার ও নির্মাণ করা হোক। তাদের দাবি মেনেই দীর্ঘ ১১কিলোমিটার রাস্তা তৈরি এবং সংস্কারের কাজ হবে। শুধু তাই নয় কাশিমপুর থেকে বিষ্ণুপুর একটি ব্রিজ নির্মাণ করা হবে। এই সমস্ত কাজ আগামী ছয় মাসের মধ্যে দীর্ঘ ১১কিলোমিটার রাস্তা তৈরি হয়ে যাবে বলে প্রশাসনের কর্তাদের আশা।

Related Articles